দিনাজপুর বোর্ডে শূন্য পাসের শীর্ষে কুড়িগ্রাম, ৯টি কলেজে পাস করেনি কেউ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাসের

2026-10-31T13:26:08+00:00
2026-10-31T13:26:34+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
দিনাজপুর বোর্ডে শূন্য পাসের শীর্ষে কুড়িগ্রাম, ৯টি কলেজে পাস করেনি কেউ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ১:২৬ পিএম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। ছবি : সময়ের আলো
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পাননি। শিক্ষা বোর্ড প্রকাশিত শূন্য শতাংশ (০ শতাংশ) পাসকৃত কলেজের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, জেলার এই ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট ৪৯টি প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে, যার মধ্যে একক জেলা হিসেবে কুড়িগ্রামেই সর্বোচ্চ সংখ্যক ৯টি কলেজ রয়েছে।

বোর্ডের তথ্যমতে, শতভাগ অকৃতকার্য হওয়া কুড়িগ্রামের প্রতিষ্ঠানগুলো হলো, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (২৪ জন পরীক্ষার্থী), নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ (১৫ জন), রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজ (১০ জন), একই উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), নাগেশ্বরী উপজেলার কুটি পেয়ারা ডাঙা স্কুল অ্যান্ড কলেজ (৫ জন), একই উপজেলার চিলাখানা মডেল কলেজ (৪ জন), উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), চিলমারী উপজেলার দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজ (২ জন) এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।


এদিকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলাজুড়ে সার্বিক ফলাফলেও বড় ধরনের বিপর্যয় দেখা গেছে। জেলাটি থেকে এ বছর মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী (৫ হাজার ৬৮৩ জন ছাত্র ও ৬ হাজার ৩৯ জন ছাত্রী) অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪ হাজার ৭৭৩ জন। এতে জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ। পাসের ক্ষেত্রে ছাত্রদের (৩৫ দশমিক ৯৫ শতাংশ) চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা (৪৫ দশমিক ২১ শতায়শ)। এছাড়া পুরো জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো না থাকা, শিক্ষক সংকট এবং পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতিই এমন বিপর্যয়ের প্রধান কারণ। দিনাজপুর বোর্ডের আটটি জেলার ফলাফলের তালিকায় ৪০ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে কুড়িগ্রাম জেলা ৬ষ্ঠ স্থানে রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর বোর্ড  শূন্য পাস  শীর্ষ  কুড়িগ্রাম  কলেজ  পাস করেনি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: