প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ২:১৪ পিএম
ছবি : সংগৃহীত এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। মাদরাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পর পাসের হারে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ এবং যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এবার এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গত ১৫ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনাকালে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে শতভাগ পরীক্ষার্থী পাস করেন। ২০২১ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৪ শতাংশ। এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে পাসের হার। ২০২২ সালে ৭৮ দশমিক ৮, ২০২৩ সালে ৭৪, ২০২৪ সালে ৭০ দশমিক ৪ এবং ২০২৫ সালে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেন। এবার তা আরও কমে ৫২ দশমিক ০৭ শতাংশে নেমেছে।
শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে