প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠান দুটির কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান দুটিতে পাসের হার শূন্য শতাংশ।
শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এদিন বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফলসংক্রান্ত তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো বিকন মডেল কলেজ ও বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজ। এমন ঘটনায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার জোয়ার কাছাড় গ্রামে অবস্থিত বিকন মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, মানবিক বিভাগ থেকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।
অন্যদিকে সদর উপজেলার লস্করহাটের বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজ থেকেও কেউ পাস করতে পারেনি। এই প্রতিষ্ঠানটি থেকে মানবিক বিভাগে মাত্র ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তিনজনই ফেল করেছে।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল্লাহ জানান, এ বিষয়ে সরকারি যে বিধিবিধান ও নীতিমালা রয়েছে, সে মোতাবেক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা