গাজীপুরে ১৮ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান

2026-10-31T19:12:08+00:00
2026-10-31T19:12:33+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ১৮ কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৭:১২ পিএম
সংগৃহীত ছবি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির কারণে আশপাশের অন্তত ১৮টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা জানান, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আগের মতো ওভারটাইমের সুযোগও নেই। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। এ কারণে দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

শনিবার দুপুরে টিফিনের বিরতির সময় কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে আশপাশের ময়লা-আবর্জনার বস্তা রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।


খবর পেয়ে থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকরা চন্দ্রা, পল্লী বিদুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ি এলাকার বিভিন্ন অংশে অবস্থান নিয়ে রেখেছে। কয়েকটি স্থানে দফায় দফায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান জানান, পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। তবে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। মানুষের জানমালের ক্ষতি বা জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকতে হবে৷

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কালিয়াকৈরের ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে। এতে চন্দ্রা হতে কোনাবাড়ি পর্যন্ত ১৮টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গাজীপুর  কারখানা  ছুটি ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: