প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
অভী, রিজভী ও ওয়ালিদ। ছবি : সংগৃহীত‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী অভী তালুকদার এবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের গানটির মাধ্যমে প্রথমবারের মতো প্লেব্যাক করলেন তিনি।
গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। সংগীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস। এই গানের মধ্য দিয়ে প্রথমবারের মতো একই সংগীতায়োজনে একসঙ্গে কাজ করলেন অভী, রিজভী ও ওয়ালিদ।
চলচ্চিত্রে প্রথমবার গান গাওয়া প্রসঙ্গে অভী তালুকদার বলেন, অডিওতে এক যুগের বেশি সময় ধরে গান করছেন তিনি। তবে এতদিন চলচ্চিত্রে গান করার সুযোগ হয়নি। ওয়ালিদ আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভী বলেন, তাঁর চলচ্চিত্রের গানে নিজের ওপর আস্থা রাখায় তিনি আনন্দিত। রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এই শিল্পী।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে প্রথম আলোচনায় আসেন অভী তালুকদার। পরান ফকিরের লেখা গানটিতে সুর করেছিলেন নবীন চন্দ্র রাজবংশী এবং সংগীতায়োজন করেছিলেন বালাম। গানটি জি সিরিজ থেকে প্রকাশিত ‘প্রেম শিকারী’ অ্যালবামে স্থান পেয়েছিল।
অভীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমে মরা জলে ডুবে না’, ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’, ‘সোনা বন্ধুরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘মুর্শিদ’।
এদিকে নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটি। এতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন স্থানে।
বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ঢাকা ১২০৫’।
সময়ের আলো/জোই