প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:১৭ এএম
ছবি : সংগৃহীত চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে এ সুযোগ তৈরি হয়েছে।
ছুটির সূচি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি। এরপর রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। একই দিনে বন্ধ থাকবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।
তবে এ ছুটি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি উল্লেখ না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছে না।
কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্যাপন করা হয়। একই দিনে দীপাবলি উৎসবও পালিত হয়।
সময়ের আলো/জেডি