প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি : সংগৃহীতশিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআইয়ের ব্যবহারকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এখনো অনেক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেননি। তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।
সময়ের আলো/এসএকে