প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম
সংগৃহীত ছবিচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। প্রস্তাব অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর। একই দিনে ফল প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি গত শনিবার এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিদ্যমান বিধিমালায় এ ধরনের পুনঃপরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ডগুলো। নির্দেশনা পেলেই পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃপরীক্ষার জন্য আগামী ৩ নভেম্বর থেকে ফরম পূরণ শুরুর প্রস্তাব করা হয়েছে। এ কার্যক্রম চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আর ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্ন প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
গত শনিবার সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার মোট পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে এক বিষয়ে ফেল করেছে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। অর্থাৎ এক বা দুই বিষয়ে অকৃতকার্য মোট চার লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষার সুযোগ পেতে পারে।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব, যেন তাদের আগামী দিনে একটি বছর নষ্ট না হয়।’
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছে পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
সময়ের আলো/কেএইচও