প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীতবেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল ছাড় করা হয়েছে। বেতনের তথ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রক্রিয়া সম্পন্ন হলে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন জমা হতে পারে।
তবে মঙ্গলবার (৩ নভেম্বর) এর মধ্যে দেশের সব স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অক্টোবর মাসের বেতন-ভাতা পেয়ে যাবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার বিকেলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবারের মধ্যে অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে বিল জমা দেন। পরে জমা দেওয়া বিল যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে পরিশোধের লক্ষ্যে অনলাইনে বিল জমা ও অনুমোদনের ব্যবস্থা চালু করেছে সরকার। এ ব্যবস্থায় বিল যাচাই থেকে শুরু করে অর্থ ছাড় পর্যন্ত বিভিন্ন ধাপ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে মাউশির অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
সময়ের আলো/এসএকে