এইচএসসিতে তিন বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। এসব শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ

2026-11-02T18:56:15+00:00
2026-11-02T18:56:15+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিক্ষা
এইচএসসিতে তিন বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। এসব শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কেবল এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্যই এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।

আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও তিন বা তার বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। অনেক শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও অন্য বিষয়গুলোতে ভালো ফল করেছেন। কিন্তু একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের যোগ্যতার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হচ্ছে। এ কারণে আপাতত তারা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন চার লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছেন এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এই শিক্ষার্থীরাই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

তবে তিন থেকে পাঁচ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দাবি করেছেন। তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হওয়ায় ফল খারাপ হয়েছে। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলে তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।


আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশসহ পুরো কার্যক্রম ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ফলে সব প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ডগুলোর হাতে সময় থাকছে এক মাসেরও কম।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় অন্তত ২৯ হাজার কম। সব মিলিয়ে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৪৮ জনই উত্তীর্ণ হতে পারেননি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এইচএসসি  ফেল  শিক্ষার্থী  দুঃসংবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: