প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক । ছবি : সংগৃহীতচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেটে সরকার মনোনীত নতুন দুই সদস্য যুক্ত হয়েছেন। তারা হলেন প্রকৌশলী মো. ইকবাল করিম ও প্রকৌশলী শফিকুল ইসলাম খান। আগামী দুই বছরের জন্য তাদের এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১৮(১)(চ) ও ১৮(২) ধারা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণা অথবা শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হয়েছে।
নতুন মনোনীত সদস্যদের মধ্যে প্রকৌশলী মো. ইকবাল করিম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী। অন্যদিকে প্রকৌশলী শফিকুল ইসলাম খান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।
সময়ের আলো/এসকে