নিশ্চিন্তপুর আলিম মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. হাতেম আলীর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

2026-11-03T12:29:43+00:00
2026-11-03T12:29:43+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
নিশ্চিন্তপুর আলিম মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম 
নিশ্চিন্তপুর আলিম মাদরাসা। ছবি : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. হাতেম আলীর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মাদরাসাটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক ও কয়েকজন অভিভাবক তার বিরুদ্ধে এসব অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাদরাসার নামে প্রায় ১৬ একর ফসলি জমি থাকলেও ইজারার মাধ্যমে সেখান থেকে অর্জিত অর্থ প্রতিষ্ঠানের উন্নয়নে যথাযথভাবে ব্যয় না করে ওইসব অর্থ আত্মসাৎ করেন। এ ছাড়া মাদরাসার ব্যাংক হিসাবের সঞ্চিত অর্থ থেকে এক লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকদের বেতনের একটি অংশ সংগ্রহ করে ব্যাংকে জমা না দেওয়া এবং সরকারি অনুদানের অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাতের অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে।


অভিযোগপত্রে আরও বলা হয়, অধ্যক্ষের বিরুদ্ধে অতীতে সাময়িক বরখাস্ত হওয়ার ঘটনা রয়েছে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাজনিত ছুটি অনুমোদনের বিনিময়ে অর্থ গ্রহণ, নিয়োগসংক্রান্ত অনিয়ম, স্বাক্ষর জাল করে অভিভাবক সদস্য নিয়োগ এবং হাজিরা খাতায় জাল স্বাক্ষরের মাধ্যমে বেতন উত্তোলনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, মাদরাসার আলিম শ্রেণির শিক্ষার্থীদের সময়মতো বই বিতরণ না করা, নিয়মিত পাঠদান না হওয়া এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা না করার অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা।

এদিকে নানা অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা বন্ধ রাখেন বর্তমান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের বিষয়টি মানবিক বিবেচনায় তিনি বিলে স্বাক্ষর করলে শিক্ষক-কর্মচারীরা বিল উত্তোলন করেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে মাদরাসায় গেলে অধ্যক্ষ হাতেম আলীকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেই মোবাইলে টাকা পাঠানোর কথা বলে প্রলুব্ধ করার চেষ্টা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মালেক জানান, অধ্যক্ষ হাতেম আলী সাহেবের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধভাবে নিয়োগ ও টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধিমোতাবেক ব্যবস্থা নেব।

সময়ের আলো/জো
  বিষয়:   নিশ্চিন্তপুর  আলিম মাদরাসা  অধ্যক্ষ  দুর্নীতি  অনিয়ম  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: