প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম
কয়েকদিনের ধারাবাহিকতায় শ্রমিক আন্দোলনে উত্তপ্ত রয়েছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। ছবি : সময়ের আলোআশুলিয়ায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় শ্রমিক আন্দোলনে উত্তপ্ত রয়েছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিপরীতে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছেন আন্দোলনরত শ্রমিকরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার পর থেকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের সামনে জড়ানো হন। এ সময় শ্রমিক ও পুলিশদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানা যায়, সকাল ৯টার পর বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর এলাকায় উত্তেজনা ছড়িছে পড়ে। হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এসে শারমিন গ্রুপের কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিসে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ার মুখে শ্রমিকরা সংগঠিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা জোরদারে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নরসিংহপুর এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।
নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক জানান, নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের দাম বেড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। মজুরি বোর্ড গঠন হলেও আমরা এর বাস্তবায়ন চাই। ন্যূনতম মজুরির দাবি বাস্তবায়িত হলেই আমরা সড়ক থেকে চলে যাব বলে জানান তিনি।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা ৩ দফা দাবি আদায়ে গতকাল সকালে কাজে যোগ দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। পরে তারা সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলেই তারা আন্দোলন থেকে সরে যাবেন বলেন তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকেই শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। বেশ কয়েকটি পোশাক কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে গেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এনএন