ডাকঘর কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দেড় কোটি টাকা আত্মসাৎ : কারাগারে ৭, পলাতক ৬

সারাদেশ

রাজবাড়ী প্রধান ডাকঘরে ১০৪ জন গ্রাহকের সঞ্চয়ী ব্যাংকের মেয়াদি ও সাধারণ হিসাবের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ

2026-11-03T19:45:07+00:00
2026-11-03T19:45:07+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
ডাকঘর কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দেড় কোটি টাকা আত্মসাৎ : কারাগারে ৭, পলাতক ৬
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম 
জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত
রাজবাড়ী প্রধান ডাকঘরে ১০৪ জন গ্রাহকের সঞ্চয়ী ব্যাংকের মেয়াদি ও সাধারণ হিসাবের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামি জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলার পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মামলার শুনানিতে ১৩ আসামির মধ্যে সাতজন আদালতে হাজির হন। পরে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ী প্রধান ডাকঘরের সাবেক লেটার রাইটার মাহবুবর রহমান, সাবেক পোস্টাল অপারেটর নাজমুল হাসান, এমএলএসএস মো. রেজাউল আলম, সাবেক পোস্টাল অপারেটর এস এম নুরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল ক্যারিয়ার বিউটি রাণী দাস এবং সটিং অপারেটর নুরুল মাসুদ।

মামলার পলাতক আসামিরা হলেন সাবেক পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, শিহাবের ভাই পিএলআই এজেন্ট মাহবুব মৃধা, ট্রেজারার প্রণব কুমার সরকার, পোস্টাল অপারেটর গোলাম মোস্তফা বাচ্চু ও তার স্ত্রী হিসাব সহকারী রোকসানা আক্তার।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকের জমা রাখা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক নাসরিন আক্তার বাদী হয়ে গত ৩০ জুলাই ১৩ জনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আদালত উল্লিখিতদের বিরুদ্ধে সমন জারি করেন। মঙ্গলবার সাত আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর ছয় আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম লাভলু বলেন, আজ একটি আলোচিত মামলার শুনানি হয়েছে। রাজবাড়ী পোস্ট অফিসের প্রায় ১০৪ জন গ্রাহকের কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাদী নাসরিন আক্তার ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে দুই পক্ষের শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাকি ছয় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ভুক্তভোগীরা প্রাথমিকভাবে এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন। বাদীপক্ষের আইনজীবী হিসেবে আমরা সন্তুষ্ট।

এদিকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভুক্তভোগী গ্রাহকেরা তাদের টাকা ফেরতের দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকরা তাদের ১০৪ জনের আত্মসাৎ হওয়া প্রায় দেড় কোটি টাকা ফেরত দেওয়াসহ আত্মসাতের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অর্থ আত্মসাতের ঘটনা সামনে আসলে ডাক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি তদন্ত শুরু করে। তদন্তে একাধিক অনিয়মসহ এ ঘটনায় সাবেক পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ ৭জন কর্মকর্তা-কর্মচারীর নাম উঠে আসে।

গত ৩০শে জুলাই গ্রাহকদের পক্ষ থেকে ভুক্তভোগী নাসরিন আক্তার ১৩ জনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা করা হলে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক মো. হায়দার আলী অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

এরপর গত ২রা আগস্ট কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রাজবাড়ীর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলা করেন। আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য দুদক কার্যালয় ফরিদপুরকে নির্দেশ দেন।

এদিকে অর্থ আত্মসাতের ঘটনায় গত ৪ আগস্ট দক্ষিণাঞ্চল খুলনার পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কবির আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে সাবেক পোস্টমাস্টার বিকাশ চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৩শে আগস্ট কুষ্টিয়া বিভাগীয় ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) মো. সুলতান হোসেন স্বাক্ষরিত দুটি অফিস আদেশে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্চু এবং সাবেক ট্রেজারার ও বর্তমানে পোস্টাল অপারেটর পদে কর্মরত প্রণব কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৫শে আগস্ট দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে এমএলএসএস মুহাম্মাদ রেজাউল আলম ও রাজবাড়ী প্রধান ডাকঘরের প্রাক্তন পোস্টাল অপারেটর নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজবাড়ী ডাকঘরের পোস্ট মাস্টার শামীম আহম্মেদ বলেন, এখন পর্যন্ত ১০৪ জন গ্রাহকের ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৫০ টাকা আত্মসাতের বিষয়টি সামনে এসেছে। এই আত্মসাতের ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ সাবেক পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯শে নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০শে জুন পর্যন্ত সময়ে রাজবাড়ী প্রধান ডাকঘরে ১০৪ জন গ্রাহকের আমানতের ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ডাকঘর সঞ্চয় ব্যাংকের টাকা জমা নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তা ও ফরম থাকা সত্ত্বেও লেটার রাইটার শিহাব মৃধা বেআইনিভাবে জমা স্লিপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করত। এ কাজে পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র, শিহাবের ভাই মাহবুব হাসান মৃধা, অফিস সহায়ক মামা রেজাউল আলমসহ অন্য আসামিরা সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   রাজবাড়ী  প্রধান ডাকঘর  দেড় কোটি টাকা আত্মসাৎ  কর্মকর্তা-কর্মচারী  কারাগার  পলাতক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: