মাঝনদীতে যমজ সন্তানের জন্ম, চরাঞ্চলে হাসপাতাল নির্মাণের দাবি এলাকাবাসীর

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার দুর্গম চরাঞ্চল থেকে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে নৌকার পাটাতনে যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। চরাঞ্চলে কোনো স্থায়ী

2026-11-03T22:27:13+00:00
2026-11-03T22:28:22+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাঝনদীতে যমজ সন্তানের জন্ম, চরাঞ্চলে হাসপাতাল নির্মাণের দাবি এলাকাবাসীর
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১০:২৮ পিএম
এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
গাইবান্ধার দুর্গম চরাঞ্চল থেকে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে নৌকার পাটাতনে যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। চরাঞ্চলে কোনো স্থায়ী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র না থাকায় এখানকার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি ভাসমান হাসপাতাল অথবা স্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

এর মাত্র তিন দিন আগে, গত শনিবারও একইভাবে হাসপাতালে যাওয়ার পথে নৌকায় এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন আরেক প্রসূতি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রসববেদনায় কাতর ওই প্রসূতিকে নিয়ে স্বজনেরা একটি নৌকায় করে চর থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝপথে পৌঁছালে প্রসূতির প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। এ সময় নৌকায় থাকা যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। হাসপাতালে পৌঁছানোর আগেই পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নৌকার পাটাতনেই প্রসবের ব্যবস্থা করা হয়। পরে প্রথমে একটি ছেলেসন্তান এবং কিছুক্ষণ পর একটি মেয়েসন্তানের জন্ম দেন ওই নারী। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

নবজাতকদের বাবা মনোয়ার হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় আমরা মারাত্মক দুশ্চিন্তায় পড়ে যাই। পরে আল্লাহর রহমতে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তানরা সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।

নৌকায় থাকা স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি বলেন, মাঝনদীতে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ না থাকায় সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে নিরাপদে সন্তান প্রসব হয়।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ চরাঞ্চলের স্বাস্থ্যসেবার সংকট নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চরাঞ্চলে কোনো স্থায়ী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র না থাকায় এখানকার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, অসুস্থ রোগীকে দীর্ঘ বালুচর পায়ে হেঁটে, কখনো মাচায় তুলে কাঁধে বহন করে নৌকার ঘাটে আনতে হয়। এরপর নদী পার হয়ে বিভিন্ন যানবাহনে করে উপজেলা কিংবা জেলা সদর হাসপাতালে পৌঁছাতে হয়। অনেক সময় যথাসময়ে হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় মাঝপথেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটে।

চরাঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি ভাসমান হাসপাতাল অথবা স্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মাঝনদীতে  নৌকায় যমজ সন্তানের জন্ম  চরাঞ্চলে হাসপাতাল নির্মাণের দাবি  ফুলছড়ি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: