প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে এক শিশুকে মুখে খাওয়ার পোলিও টিকা দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি : আল-জাজিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। সোমবার পোলিও কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ সদস্যকে অপহরণের এক দিন পর এ হামলার ঘটনা ঘটল।
মঙ্গলবার (৩ নভেম্বর) মোটরসাইকেলে আসা হামলাকারীরা একটি পুলিশ গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় পুলিশ সদস্যরা কাছের একটি গ্রামে পোলিও টিকাদান দলের নিরাপত্তা দিতে যাচ্ছিলেন।
পুলিশ কর্মকর্তা আলী রহমান খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। তবে হামলার সময় পুলিশের গাড়িতে কোনো পোলিও টিকাদানকর্মী ছিলেন না।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবান বা টিটিপি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অতীতেও এ ধরনের হামলা চালিয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে ভুল ধারণা রয়েছে যে, পোলিও টিকাদান কর্মীরা শিশুদের বন্ধ্যা করার পশ্চিমা ষড়যন্ত্রের অংশ।
মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ হামলাকে ‘অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পোলিও টিকাদান দলের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা জাতীয় দায়িত্ব পালন করছেন। তাঁদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া হবে না।
এর আগে সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পোলিও কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে অপহরণ করা হয়। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
বিশ্বে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান— এ দুটি দেশেই এখনো বন্য পোলিও ভাইরাসের সংক্রমণ রয়েছে। গত বছর পাকিস্তানে এ রোগে আক্রান্ত ৩১ জন শনাক্ত হন।
এদিকে রোববার দেশজুড়ে পোলিও টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় ৯৭টি উচ্চঝুঁকিপূর্ণ জেলার প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই দিন খাইবার পাখতুনখাওয়ার খাইবার জেলায় ১৩ মাস বয়সী এক শিশুর শরীরে চলতি বছরের অষ্টম পোলিও সংক্রমণ শনাক্ত হয়। এ বছর প্রদেশটিতেই সবচেয়ে বেশি ছয়টি সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি দুটি শনাক্ত হয়েছে সিন্ধু প্রদেশে।
পোলিও অত্যন্ত সংক্রামক রোগ। সহজেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে। গুরুতর ক্ষেত্রে এ রোগের কারণে স্থায়ী শারীরিক অক্ষমতা, এমনকি পক্ষাঘাতও হতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ