প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
মো.আবছার উদ্দীন ও মো. আদিল। ছবি : সংগৃহীতকক্সবাজারে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-১৫। এসময় তাদের কাছ থেকে দেশীয় পাঁচটি বড়ো রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন ধানখেতে অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দিনের পুত্র মো.আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল (২৬)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ মাদককারবারি চক্র হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড়ো চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করে। সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে অভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে সর্বমোট ১১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পাচার ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পাঁচটি দেশীয় রামদা জব্দ করা হয়।
গতকাল কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
সীমান্তবর্তী টেকনাফ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। মিয়ানমার সীমান্তঘেঁষা বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে প্রায়ই মাদকের বড়ো চালান উদ্ধার হচ্ছে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সময়ের আলো/এনএন