প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল আজিজুল উলুম ইসলামিয়া বাবু নগর মাদ্রাসার বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আলেম ও ইসলাম বিদ্বেষ সরকার থেকে উদ্ধার হতে দেশের মানুষের ১৫ বছর লেগেছে। তাদের আর এই দেশে ঠাঁই নেই।
পোশাক খাতের আন্দোলনে ফ্যাসিবাদী শক্তির হাত আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তি ও ইসলামের নামে রাজনীতি করা দেশীয় দোসরদের হাত রয়েছে।
তিনি বলেন, আন্দোলনের নামে কেউ কেউ দেশে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করতে চায়। তবে গণহত্যায় জড়িতদের এদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
বিএনপি সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আলেমদের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার সব সময় ইসলামের পক্ষে আছে। কিন্ত একটি দল ইসলামের নামে রাজনীতি করলেও তারা দলীয় মনোগ্রাম থেকে ইসলামের চিহ্ন মুছে দিয়েছে।
সময়ের আলো/টিকে