প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ১১:৫১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ নভেম্বর) সাভারের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বা বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা আমি ব্যক্তিগতভাবে দোষের মনে করি না। তবে যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে— এমন প্রশ্ন কারও কারও মনে হয়ত সৃষ্টি হতে পারে। হ্যাঁ, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে পার্থক্য হলো— বর্তমান সরকার যেসব এজেন্ডা বাস্তবায়ন করছে, জনগণ সেইসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, আপনারা জীবনের আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আমি শুরুতেই আপনাদের ভবিষ্যৎ কর্মময় জীবনের সুখ-শান্তি, স্বাচ্ছন্দ্য ও সাফল্য কামনা করি। একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগের কলাকৌশল আপনারা শিখেছেন। এবার সরকারি প্রশাসনে যার উপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে, অর্জিত জ্ঞান প্রয়োগ করে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবেন। নিঃসন্দেহে আপনাদের জীবনের এটি অন্যতম সেরা একটি আনন্দময় মুহূর্ত। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই।
সরকারপ্রধান বলেন, একটি দেশের জনপ্রশাসনে হাজার হাজার পদ-পদবি রয়েছে। যতগুলো প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদ-ই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়ই দেখা যায়, পছন্দের পদে পোস্টিং কিংবা প্রমোশনের জন্য কেউ কেউ নিজেদের পেশাগত ‘দক্ষতা এবং সততা’র সঙ্গে কম্প্রোমাইজ করেন। আমি মনে করি, যেকোনো সময় দেশের যেকোনো স্থানে, জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা চূড়ান্ত পেশাদারিত্বের পরিচায়ক। সবারই মনে রাখা জরুরি— একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।
সময়ের আলো/কেএইচও