প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম
ছবি : সংগৃহীতবিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ বাংলাদেশি। এ নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে ২০০ জন অপারেশনস এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে নির্বাচিত হয়েছেন ১০০ জন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনকে পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে এসব পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। পাশাপাশি প্রবাসীকল্যাণ মন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়ন হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর ফ্লাইট শুরু হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়ার পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা, বিমানভাড়াসহ বিদেশ যাওয়ার সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তারাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
সময়ের আলো/টিকে