ছবি : সংগৃহীত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে। অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে অধিবেশনের কার্যক্রম পরিচালনা, সময় বরাদ্দ ও স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিস পাওয়া গেছে।
অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল জমা পড়েছে। তৃতীয় অধিবেশনের পর তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিলে কমিটির সদস্যরা তা গ্রহণ করেন। এ সময় তিনি সংসদের নতুন সাউন্ড সিস্টেমের অগ্রগতি জানতে চান। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বেলা সাড়ে ৩টায় গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়েও আলোচনা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ ব্যবস্থায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। ফলে প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
বৈঠকে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট বাস্তবায়ন এবং সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের অগ্রগতিও তুলে ধরেন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে