প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) -এর লগো । ছবি : সংগৃহীতবিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকদের জন্য অষ্টম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই পদে আট বছর চাকরি পূর্ণ হলে পদোন্নতি ছাড়াই পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন তারা। এ সুবিধা পেতে যোগ্য প্রভাষকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (ক-৪) মো. রফিক আহমেদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠি অনুযায়ী, আগামী ১২ নভেম্বরের মধ্যে অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে দুই সেট আবেদন জমা দিতে হবে।
মাউশির চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ -এর অনুচ্ছেদ ৬-এর উপঅনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তার চাকরিকাল সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন। সরকারি চাকরি আইন, ২০১৮ -এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।
এই বিধানের আওতায় অষ্টম গ্রেড পেতে যোগ্য নবম গ্রেডভুক্ত প্রভাষকদের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। আবেদনপত্রে কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি, বিষয়, কর্মস্থল, প্রভাষক পদে প্রথম যোগদানের তারিখ, আট বছর পূর্তির তারিখ এবং উচ্চতর গ্রেড পাওয়ার প্রাপ্যতার তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে নিজস্ব আবেদনপত্র, অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের অগ্রায়ণপত্র, ক্যাডারে প্রথম যোগদানের আদেশ, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন, নিয়োগ ও পদায়নের আদেশ এবং নিয়মিতকরণের আদেশ সংযুক্ত করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা চলমান নেই- এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।
সময়ের আলো/এসকে