প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১০:৩৫ এএম
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া গ্রামের বাড়ি। ছবি : সংগৃহীত এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন তিনি। পোস্টে নুসরাত লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা।’
দুর্বৃত্তদের ‘ছারপোকার দল’ আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিলো! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কী আর করবে!’
এর আগে বুধবার রাতেই নিজের ফেসবুক পোস্টে বাড়িতে আগুন দেওয়ার তথ্য জানান নুসরাত তাবাসসুম। তিনি অভিযোগ করেন, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন। পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। দলটির জেলা সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এনসিপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ছাড়া আগুনে দুটি ছাগলও মারা গেছে।
সময়ের আলো/এসএকে