প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৭ এএম
ছবি : সংগৃহীতশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন নিয়ে দিনভর আলোচনা হয়েছে পাসপোর্ট অধিদফতর এবং নির্বাচন কমিশনে। গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিত করা হয়।
সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট দেওয়ার আবেদন করেছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ৬ নম্বর অনুচ্ছেদের (ঙ) উপ-অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আবেদনকারী ফৌজদারি মামলায় আদালতে হাজিরা এড়ালে বা আদালতের নিষেধাজ্ঞা থাকলে তার পাসপোর্ট বা ভ্রমণ-সংক্রান্ত দলিল ইস্যুর আবেদন প্রত্যাখ্যান করতে পারে কর্তৃপক্ষ।
বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। ফলে নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে। তবে দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে ওই কর্মকর্তা বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিদেশে নেওয়ার জন্য বারবার পাসপোর্টের আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়া পাসপোর্ট পাননি।
এদিকে শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন নিয়ে নির্বাচন কমিশন বা জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে দিনভর আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার যে সিদ্ধান্ত দেবে, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
ওই কর্মকর্তা আরও জানান, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়নি; শুধু নম্বরটি স্থগিত বা লক করা হয়েছে। ফলে পরিচয়পত্রটি বর্তমানে সক্রিয় নেই। স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ পেলে লক খুলে দেওয়া হবে এবং পরিচয়পত্রটি আবার সক্রিয় হবে।
জাতীয় পরিচয়পত্র আইন, ২০১০-এর ১০ ধারায় বলা হয়েছে, কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল হলে তার জাতীয় পরিচয়পত্রও বাতিল বলে গণ্য হবে। তবে ওই পরিচয়পত্রে থাকা পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের পরিচয়পত্রে ব্যবহার করা যাবে না।
সময়ের আলো/প্রিন্ট/এমকে