পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী

বগুড়া সংবাদদাতা

রাজনীতি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট

2026-11-10T18:36:44+00:00
2026-11-10T18:36:44+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
রাজনীতি
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে এসব সুযোগ পাবেন, তা স্পষ্ট করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন পলাতক একজন ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?

তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্যাতনের কারণে চিকিৎসার জন্য তারেক রহমান দেশ ছেড়েছিলেন। পরে তার বিরুদ্ধে একের পর এক মামলা ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।


রিজভী আরও বলেন, আবু সাঈদ, আহনাফ ও মুগ্ধসহ ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মুছে যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সত্য উন্মোচন ও আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের দায়িত্ব। আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে।

বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, তরুণদের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতা দেশের জন্য সম্ভাবনাময়। একদিন তারাই বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পলাতক শেখ হাসিনা  পাসপোর্ট  এনআইডি  রিজভী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: