কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ

সাব্বির আহমেদ

রাজনীতি

সাম্প্রতিক সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে; হাসিব আল ইসলামের ওপর প্রকাশ্য হামলার ঘটনা পুরো সমীকরণ বদলে

2026-11-11T03:18:05+00:00
2026-11-11T03:18:05+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজনীতি
আওয়ামী সহিংসতা
কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ
সাব্বির আহমেদ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৮ এএম 
ধানমন্ডি ৩২ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
সাম্প্রতিক সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে; হাসিব আল ইসলামের ওপর প্রকাশ্য হামলার ঘটনা পুরো সমীকরণ বদলে দিয়েছে। জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক হাসিবের ইস্যুতে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের মধ্যে অভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। অর্থাৎ এই ইস্যুতে বিভাজিত রাজনৈতিক শক্তিগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও একই বিন্দুতে দাঁড় করাচ্ছে। যদিও কিছু দিন আগেও গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংশোধনসহ একাধিক ইস্যুতে প্রধান তিনটি রাজনৈতিক পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই জমে উঠেছিল। এমনকি মাঠপর্যায়ে দলগুলোর নেতাকর্মীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলগুলো উপলব্ধি করতে পেরেছে নিজেদের মধ্যকার পারস্পরিক কাদা ছোড়াছুড়ির সুযোগ নিয়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ফলে সরকারকে স্থিতিশীল রাখা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে রাজনৈতিক মতপার্থক্য দূরে ঠেলে এই তিন পক্ষ এখন এক অবস্থানে এসে দাঁড়াচ্ছে। এর কোনো বিকল্পও দেখছেন না তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধনের চিত্র মিলেছে। রাজপথ ও সামাজিকমাধ্যমে প্রতিবাদের অভিন্ন সুরে কথা বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব সরব হয়ে উঠেছে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ বৈঠক করে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।   

রাজনীতিবীদরা বলছেন, তাদের মধ্যে আদর্শিক এবং কৌশলগত নানা বিষয়ে ব্যাপক মতপার্থক্য ও বিভেদ থাকা সত্ত্বেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতিবাচক তৎপরতা এবং সহিংসতা প্রতিরোধে নীতিগতভাবে একমত হয়েছেন তারা।

জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। 

হাসিবের ওপর হামলার পর জাতীয় রাজনীতিতে তাৎক্ষণিক ও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের গুপ্ত হামলা ঠেকাতে তিন দলই একই সুরে কথা বলছে। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকলেও ফ্যাসিবাদের পুনর্বাসন বা জুলাই বিপ্লবের কোনো সহযোদ্ধার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সংগঠনের শীর্ষ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির বলেছেন, গণঅভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

জামায়াতের আমির এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সংসদে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে গুপ্ত হামলা চালাচ্ছে এবং একে কঠোর হস্তে দমন করতে হবে।

এনসিপি ও ছাত্রশক্তির নেতারা এ ঘটনায় সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের অভ্যন্তরে এই সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়কের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছেন।

সংগঠনের নেতা হাসিবের ওপর হামলার প্রতিবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক গত রাতে বিক্ষোভ মিছিল করেছে।

১১ দলীয় জোট শরিক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ করেছে ঢাকায়। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব? এসব সন্ত্রাসের মাধ্যমে তারা কী অর্জন করতে চায়? বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেন তিনি। নৈরাজ্যের প্রতিবাদে ইনকিলাব মঞ্চও বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক পালিয়ে গিয়ে আর ক্ষমতায় ফিরতে পারেননি। ঢাকায় গতকাল এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবেই আগামীতে কোনো ফ্যাসিস্টদের আর দেশে ঢুকতে দেওয়া হবে না। রাজপথে নেমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা যদি সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তা হলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক সময়ের আলোকে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। কেননা নিজেদের মধ্যকার পারস্পরিক কাদা ছোড়াছুড়ির সুযোগে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। রাজনৈতিক মতপার্থক্য দূরে ঠেলে বড় শক্তিগুলো অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে।  

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সরকার  বিরোধীদল  দূরত্ব  সমীকরণ  জুলাই আন্দোলন  সংগঠক  ক্ষমতা  বিএনপি  বিরোধীদল  জামায়াতে ইসলামী  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: