প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম
ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলাম। ছবি : সংগৃহীতমৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে হাসিবের বাঁ হাত গুরুতর জখম হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস বলেন, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরবেন। এরপর থানায় মামলা করা এবং পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী বলেও জানান তিনি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাও ওই তরুণীকে হাসিবের স্ত্রী বলে নিশ্চিত করেছেন।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসিব ও এক তরুণী ব্যাটারিচালিত অটোরিকশায় করে রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশা থামার পর তার সঙ্গে হাত মেলান এবং আবারও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালান। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন হাসিব।
বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবার তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি রিসোর্টের কর্মচারী জানান, হামলার পর হাসিব রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখতে পান কর্তৃপক্ষ। পরে সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। হামলার পর হাসিব রিসোর্ট ছেড়ে চলে গেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে।
সময়ের আলো/কেএইচও