কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের ইতিহাস জামায়াতের নেই

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক

2026-11-11T22:12:26+00:00
2026-11-11T22:12:26+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজনীতি
শফিকুর রহমান
কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের ইতিহাস জামায়াতের নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করার ইতিহাস জামায়াতের নেই। জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, তবে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ যারা তুলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন।

এর আগে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে একমত হলেও তিনি ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের প্রসঙ্গ তোলেন। এসব বৈঠকের সঙ্গে চলমান অস্থিরতার কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেন তিনি।

জবাবে জামায়াত আমির বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার বিষয়ে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া রয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে বিষয়টি জামায়াত আগেও চ্যালেঞ্জ করেছে। সে সময় অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছিল।

এ ধরনের অভিযোগের জবাবে ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যারা এসব অভিযোগ করছেন, তারাই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি গোপন নয়, বরং প্রকাশ্য।

বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতিও অতীতে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সব দরজা খুলে দেওয়া হবে এবং সব মামলা তুলে নেওয়া হবে। তবে জামায়াত এ ধরনের কোনো কথা বলেনি বলে দাবি করেন তিনি।


গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলে প্রচার করা হলেও ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। বক্তব্যের ভিডিও এখনো রয়েছে, যে কেউ তা যাচাই করতে পারবেন।

এ সময় জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া এক ব্যক্তির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টা তাদের পেছনে লেগে থাকেন। সন্ধ্যা, রাত, পরদিন সকাল ও দুপুরে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তাকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, এ ধরনের ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে জড়ানো হলে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন। তারা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেননি। বরং আজ সংসদের ৩০০ সদস্যের সঙ্গে বসবেন।

তিনি পুনরায় অভিযোগ করেন, জামায়াতের বিরুদ্ধে যারা এসব কথা বলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন। ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদের দিকে অভিযোগের আঙুল তোলার আগে নিজেদের অবস্থান পর্যালোচনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।’

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শফিকুর রহমান  জামায়াতে ইসলামী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: