শাজাহান খান। ছবি : সংগৃহীতসাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, এফডিআর ও জমি কেনাবেচার দলিলসহ বিভিন্ন ব্যক্তিগত নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও ভূমি নিবন্ধন কার্যালয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলামের সই করা একাধিক তলবি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বিভিন্ন ব্যাংকের কাছে শাজাহান খান ও তার পরিবারের সদস্যদের এফডিআর হিসাব, হিসাব খোলার ফরম, টিআইএন ও টার্গো ফর্মসহ সংশ্লিষ্ট আর্থিক নথি চাওয়া হয়েছে। পাশাপাশি হিসাব খোলার তারিখ থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের বিস্তারিত বিবরণ ও অন্যান্য রেকর্ড দিতে বলা হয়েছে।
ব্যাংকে জমা অর্থের পরিমাণ, লেনদেনের ধরন এবং অর্থের উৎস যাচাই করতে এসব নথি চেয়েছে দুদক।
অন্যদিকে, সম্পদের অনুসন্ধানে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও ভাঙ্গা এলাকার ১৯টি জমির দলিলের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে। এসব দলিলের পাশাপাশি জমির দাগ ও পরিমাণ, ক্রয়ের তারিখ, দলিলের মূল্য, নিবন্ধিত মূল্য এবং ক্রেতার নামসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, দলিলে ঘোষিত ও নিবন্ধিত মূল্যের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না এবং জমি কেনার অর্থের সঙ্গে সংশ্লিষ্টদের আয়ের সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করা হবে।
এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও খন্দকার আবদুল মান্নান নামে আরেক ব্যক্তিকে পৃথক নোটিশ দিয়েছিল দুদক। নোটিশ অনুযায়ী, তাদের ৮ ও ১১ নভেম্বর দুদকে হাজির হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে তারা হাজির হননি বলে জানা গেছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে শাজাহান খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে সংস্থাটি।
প্রথম মামলায় শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
দ্বিতীয় মামলায় শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তৃতীয় মামলায় শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০৯ সালে নৌপরিবহনমন্ত্রীর দায়িত্ব পান শাজাহান খান। ২০১৩ সালের নির্বাচনকালীন মন্ত্রিসভায় নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি।
সময়ের আলো/এসএকে