দুই ঘণ্টার হাটে কোটি টাকার সবজি বিক্রি, তবু লোকসানে কৃষক

মাওলা সুজন, নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

একসময় যে জমিতে শুধু আমন ধান চাষ হতো, সেখানে এখন সর্জন পদ্ধতিতে সারা বছর উৎপাদিত হচ্ছে নানা জাতের সবজি। এসব

2026-11-14T13:04:52+00:00
2026-11-14T13:04:52+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুই ঘণ্টার হাটে কোটি টাকার সবজি বিক্রি, তবু লোকসানে কৃষক
মাওলা সুজন, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম 
দুই ঘণ্টার হাটে কোটি টাকার সবজি বিক্রি। ছবি : সময়ের আলো
একসময় যে জমিতে শুধু আমন ধান চাষ হতো, সেখানে এখন সর্জন পদ্ধতিতে সারা বছর উৎপাদিত হচ্ছে নানা জাতের সবজি। এসব সবজি বিক্রির জন্য নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ও চরক্লার্কের সীমান্তবর্তী সেলিম বাজারে প্রতিদিন বসে জমজমাট পাইকারি হাট। মাত্র দুই ঘণ্টার এ হাটে মৌসুমে প্রতিদিন কোটি টাকার সবজি কেনাবেচা হয়। তবে এত বিপুল বেচাকেনার পরও ন্যায্য দাম না পেয়ে লোকসান গুনছেন কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে। অন্যদিকে অনুন্নত সড়ক যোগাযোগব্যবস্থার কারণে বড় পাইকাররা বাজারে আসতে চান না। ফলে স্থানীয় পাইকারদের কাছে কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এর সঙ্গে নদীভাঙনে ফসলি জমি কমে যাওয়ায় উৎপাদনও কমছে। কৃষি বিপণন বিভাগের যথাযথ তদারকি না থাকার অভিযোগও রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই কৃষকেরা মাথায়, রিকশা ও ভ্যানে করে বিভিন্ন ধরনের সবজি নিয়ে বাজারে আসছেন। বাজারে পৌঁছানোর আগেই অনেক সময় পাইকারদের দরদামে বিক্রি হয়ে যাচ্ছে সবজি। সকাল সাড়ে ৭টার মধ্যেই প্রায় শেষ হয়ে যায় বেচাকেনা। ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা—এই দুই ঘণ্টা বাজার থাকে জমজমাট। এরপরই বাজার হয়ে পড়ে প্রায় জনশূন্য।

বাজার পরিচালনা কমিটির তথ্যমতে, ভরা মৌসুমে প্রতিদিন এ বাজারে প্রায় এক কোটি টাকার সবজি কেনাবেচা হয়। মৌসুমের মাঝামাঝি সবজির সরবরাহ কম থাকলেও দৈনিক বেচাকেনার পরিমাণ থাকে ৪০ থেকে ৪৫ লাখ টাকা।


সেলিম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, উপজেলার মোহাম্মদপুর, চরক্লার্ক, পূর্বচরবাটা এবং হাতিয়ার উত্তর অংশের কালাধুর, চর নঙ্গলিয়া ও কেয়ারিংচর এলাকায় ১০ বছরের বেশি সময় ধরে সর্জন পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে। আগে এসব এলাকায় শুধু আমন ধানের আবাদ হতো।

তিনি বলেন, সারা বছরই এখানে লাউ, কুমড়া, বরবটি, শিম, করলা, ঢেঁড়স, টমেটো, শসা, মরিচ, চিচিঙ্গা, ধুন্দল, বেগুনসহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। এসব সবজি ঘিরে একসময় সোলেমান বাজার, কালাধুর বাজার ও সেলিম বাজারে পাইকারি বেচাকেনা জমে উঠেছিল। তবে গত পাঁচ-ছয় বছরে হাতিয়ার বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের কবলে পড়েছে। এতে সবজি উৎপাদন কমেছে। পাশাপাশি গত দুই-তিন বছরে দুটি বাজার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে সেলিম বাজারই এ অঞ্চলের প্রধান পাইকারি বাজার।

সিরাজ উদ্দিন জানান, শীত মৌসুমে এ বাজারে প্রতিদিন সর্বনিম্ন এক কোটি টাকার সবজি বিক্রি হয়। মৌসুমের মাঝামাঝি সময়ে সবজির সরবরাহ কম থাকলেও প্রায় অর্ধকোটি টাকার বেচাকেনা হয়।

বাজার কমিটি, কৃষক ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প সময়ে বিপুল পরিমাণ সবজি কেনাবেচা হলেও নদীভাঙন, উৎপাদন খরচ বৃদ্ধি ও যোগাযোগব্যবস্থার দুরবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। সড়ক ভালো না হওয়ায় দূরদূরান্তের বড় পাইকাররা আসছেন না। ফলে স্থানীয় পাইকারদের কাছে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে।


তিন একর জমিতে বছরজুড়ে সর্জন পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করেন কৃষক আবু বকর মিয়া। তিনি বলেন, গত কয়েক বছর ধরে উৎপাদিত সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাকে। কৃষি বিভাগ থাকলেও বাজার তদারকিতে তাদের তেমন দেখা যায় না বলে অভিযোগ করেন তিনি।

আবু বকর মিয়ার ভাষ্য, সুবর্ণচরের অধিকাংশ গ্রামীণ সড়কের অবস্থা নাজুক। এ কারণে জেলা শহর মাইজদী, জেলার বৃহত্তর বাণিজ্যকেন্দ্র চৌমুহনী এবং দেশের উত্তরাঞ্চল থেকে বড় পাইকাররা আসতে চান না। বড় যানবাহনও বাজারে আসতে অনীহা দেখায়। ফলে স্থানীয় পাইকারদের কাছে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে।

আরেক কৃষক আবদুল কাদের বলেন, একদিকে সড়ক ভাঙাচোরা, অন্যদিকে বীজ, সার ও কীটনাশকের দাম বেশি। উৎপাদন খরচ বাড়লেও সবজি বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বড় পাইকার না আসায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। তার অভিযোগ, কৃষি বিভাগ বাজার মনিটরিং ও বাজারসংযোগ বাড়ানোর ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নিচ্ছে না।

অন্যদিকে পাইকারদের অভিযোগ, সড়কের দুরবস্থার কারণে নির্ধারিত সময়ে বাজারে পৌঁছানো এবং সেখান থেকে সবজি নিয়ে অন্যান্য বাজারে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে পরিবহণ খরচ বাড়ছে, পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করা যাচ্ছে না।

পাইকারি ব্যবসায়ী নজিব উল্যাহ বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় কাভার্ডভ্যান আসতে চায় না। এসব সড়কে চলাচল করতে গিয়ে গাড়ি বিকল হয়, জ্বালানি খরচও বেড়ে যায়। এ কারণে ছোট পিকআপ নিয়ে আসতে হয়। বাড়তি পরিবহণ খরচের প্রভাব পড়ে সবজির ক্রয়মূল্যে।

তিনি বলেন, কৃষকেরা যেমন ন্যায্য দাম পাচ্ছেন না, তেমনি পাইকাররাও সময়মতো বিভিন্ন বাজারে পৌঁছাতে না পারায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এখানকার সবজি কয়েক হাত বদল হয়ে বাজারে পৌঁছায়। সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে কৃষকেরা যেমন ভালো দাম পাবেন, তেমনি পাইকাররাও লাভবান হবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নোয়াখালীতে বছরে প্রায় ৩৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ৬ লাখ ১২ হাজার ৯৫৮ টন সবজি উৎপাদিত হয়। জেলার সদর উপজেলার একাংশ, সুবর্ণচরের মোহাম্মদপুর, চরক্লার্ক, চরজব্বার ও চরজুবলি, হাতিয়ার উত্তরাঞ্চল এবং কোম্পানীগঞ্জের চরএলাহী ও গাংচিল এলাকায় সবজির উৎপাদন বেশি। তবে এসব সবজির মোট বাজারমূল্যের হিসাব জানাতে পারেনি কৃষি বিপণন ও সম্প্রসারণ বিভাগ।


কৃষকের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জেলার মোট সবজি বেচাকেনার পরিমাণ নিরূপণের দায়িত্ব কৃষি বিপণন বিভাগের। তবে জনবল সংকটের কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ।

তিনি বলেন, তাদের দপ্তরে প্রয়োজনীয় লোকবল নেই বললেই চলে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও চরাঞ্চলের কৃষকদের দুর্দশা সরেজমিনে দেখার সুযোগ কম। জেলার বিভিন্ন বাজারে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেই অধিকাংশ সময় চলে যায়।

তবে দক্ষিণাঞ্চলের কৃষিপণ্যের বাজারসংযোগ বাড়াতে আরও তৎপর হওয়ার আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা। পাশাপাশি জেলা সমন্বয় সভায় দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়নের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি।

সড়ক উন্নয়নের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল বলেন, এ অঞ্চলে কৃষি অর্থনীতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকেরা যাতে সহজে উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন, সে জন্য ইতোমধ্যে একাধিক প্রকল্প অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিশেষ করে মোহাম্মদপুর, চরক্লার্ক ও চরজব্বার এলাকার সড়কগুলোর টেকসই উন্নয়নে এসব প্রকল্প তৈরি করা হয়েছে। এখন শুষ্ক মৌসুম হওয়ায় দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   নোয়াখালী  সুবর্ণচর  সেলিম বাজার  সবজি চাষ  কৃষক  কৃষি অর্থনীতি  সর্জন পদ্ধতি  নদীভাঙন  কৃষিপণ্যের বাজার  সড়ক যোগাযোগ  কৃষি বিপণন বিভাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: