প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ১:১৫ পিএম
আইনজীবী মোহাম্মদ কামাল উদ্দিন। ছবি : সংগৃহীত চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি দাবি করা আইনজীবী মোহাম্মদ কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় কয়েকজন ব্যক্তি তার বাসার বাইরে জড়ো হয়ে গণপিটুনির চেষ্টা করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
কামাল উদ্দিন চট্টগ্রাম জেলা যুবলীগ দক্ষিণের আইনবিষয়ক যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে দেওয়া তার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ গণমাধ্যমকে বলেন, রাতে স্থানীয় কয়েকজন যুবক কামাল উদ্দিনের বাসার বাইরে জড়ো হন। তারা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে অভিযোগ করেন, ওই বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল।
ওসি বলেন, ‘তাকে গণপিটুনি দেওয়া হতে পারে—এমন আশঙ্কায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।’
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২২ সালে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের বিরুদ্ধে চট্টগ্রামের একটি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০ লাখ টাকার মনোনয়ন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে আলোচনায় আসেন কামাল উদ্দিন। পরে এ ঘটনায় মোসলেম উদ্দিনের ঘনিষ্ঠ এক যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলাও করেন তিনি।
সময়ের আলো/জেডি