সাত ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

শিশু নিহতের ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে সাত ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর

2026-11-14T13:39:50+00:00
2026-11-14T13:39:50+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাত ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
শিশু নিহতের ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে সাত ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টার পর এ পথে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে সকাল ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ও কর্মকর্তারা।

ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে এক শিশু নিহত হওয়ার ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।

বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের একটি ফেরি শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীর বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একটি বাসের অংশ বাল্কহেডের সঙ্গে চেপে গেলে পাঁচ শিশু আহত হয়। তাদের মধ্যে তরিকুল ইসলাম (১১) ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাল্কহেডের দুই শ্রমিক এবং কাকলি ফেরির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন। শুক্রবার রাতে ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলায় মোশারফসহ চারজনকে আসামি করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন। প্রাথমিক তদন্তে বালুভর্তি নৌযানের শ্রমিক ও ফেরির মাস্টারের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।


অন্যদিকে, ফেরির মাস্টার নির্ধারিত নৌপথ অনুসরণ করেই ঘাটে যাচ্ছিলেন বলে দাবি করেছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন। তিনি বলেন, ওই পথে অনুমোদনহীন কয়েকটি বালুবাহী নৌযান চলাচল করছিল। বেপরোয়া গতির একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে বাসে থাকা এক শিশু নিহত হয়। এরপর পুলিশ ফেরির মাস্টারকে আটক করে মামলা করে। এর প্রতিবাদেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রব বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গ্রেফতার ফেরির মাস্টারের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মেরিন আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তিনি। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে চারটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বিশেষ করে কাঁচামাল পরিবহনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।

চাঁদপুর–শরীয়তপুর নৌপথটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার যানবাহনের চট্টগ্রাম অঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ রুট। এ পথে পাঁচটি ফেরির মাধ্যমে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি যানবাহন পারাপার হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   চাঁদপুর  শরীয়তপুর  ফেরি চলাচল  কাকলি ফেরি  নৌ দুর্ঘটনা  শিশু নিহত  ফেরির মাস্টার  বিআইডব্লিউটিসি  নৌ পুলিশ  মেঘনা নদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: