উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য। ছবি : সংগৃহীতকাজের অভিজ্ঞতা ও দক্ষতায় জটিল পরিস্থিতিতে সাহসী উদ্যোগ নিয়ে দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার পয়সা বের করে প্রশংসা কুড়িয়েছেন হাতিয়ার উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য।
শিশুটির মা যখন মেয়ের জীবন নিয়ে চরম উৎকণ্ঠায় দিশেহারা, তখন অনেকের পরামর্শে তার কাছে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। শেষ পর্যন্ত পয়সাটি বেরিয়ে আসার পর স্বস্তি ফিরে আসে পরিবারের মধ্যে। মেয়েকে সুস্থ দেখে কান্নায় ভেঙে পড়েন মা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে পোস্ট দিতে দেখা যায় অনেককে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওছখালীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ফায়জা (২) চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে।
শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে তার মেয়ে একটি পাঁচ টাকার পয়সা গিলে ফেলে। এরপর থেকেই বমি করতে থাকে সে। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরই মধ্যে সে অচেতন হয়ে পড়ে।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ কয়েকজনের কাছে গেলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কেউ ঝুঁকি নিতে চাননি। তাকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রাতের বেলা নদী পার হয়ে জেলা সদরে যাওয়া কঠিন হওয়ায় মেয়ের শারীরিক অবস্থা নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়দের পরামর্শে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যের কাছে শিশুটিকে নিয়ে যান। উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনে তার চেম্বারে শিশুটিকে নেওয়া হলে প্রয়োজনীয় সম্মতি নিয়ে বিশেষ কৌশলে পয়সাটি বের করার উদ্যোগ নেন তিনি। একপর্যায়ে শিশুটির খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার পয়সাটি বের করে আনতে সক্ষম হন।
মেয়ের অবস্থা স্বাভাবিক হতে দেখে কান্নায় ভেঙে পড়েন মা সিমা আক্তার। তার কান্না ও আবেগঘন দৃশ্য দেখতে আশপাশের লোকজনও জড়ো হন। পরে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুটির মা।
বিমান চন্দ্র আচার্য বলেন, আমার কাছে একটি বিশেষ ধরনের রবারের পাইপ রয়েছে, যার মাথায় বেলুনের মতো অংশ আছে। সেটি শিশুর গলায় প্রবেশ করিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। একপর্যায়ে পয়সাটি ওই অংশে আটকে যায়। পরে সেটি টেনে বের করা হয়। এর আগেও এভাবে কয়েকজনের গলায় আটকে যাওয়া পয়সা বের করেছি।
এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউছুফ সোহাগ বলেন, শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এক্স-রে রিপোর্ট অনুযায়ী, পয়সাটি খাদ্যনালিতে আটকে ছিল। এ ধরনের বস্তু বের করার জন্য সাধারণত নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের প্রয়োজন হয়। এ কারণে শিশুটিকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে শুনেছেন, বিমান চন্দ্র আচার্য পয়সাটি বের করেছেন। তার এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
সময়ের আলো/জোই