সংগৃহীত ছবিনতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং সরকারি দুটি সংস্থার সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর প্রাক-সচিব কমিটির বৈঠক। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাঠানো মোট সাতটি প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাব নিকার বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবের বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে প্রস্তাবগুলোর যৌক্তিকতা, প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপারিশের সিদ্ধান্ত হওয়া চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ করা হয়েছে। ফলে এ প্রস্তাবটি আপাতত বাস্তবায়নের পথে এগোচ্ছে না।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি সেবা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সুপারিশের সিদ্ধান্ত হওয়ায় পরবর্তী ধাপে নিকার সভায় উপস্থাপনের পথ তৈরি হয়েছে।
ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবের পেছনে রয়েছে প্রশাসনিক নামের সামঞ্জস্য আনার বিষয়টি। জেলায় নতুন উপজেলা দক্ষিণ গফরগাঁও গঠিত হওয়ায় সংশ্লিষ্ট থানার নামও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়। প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় পৃথক থানা স্থাপনের প্রস্তাবও সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রস্তাব বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার বাসিন্দাদের জন্য পৃথক থানা প্রতিষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবা প্রদানের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসবে।
তবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ করেছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের পর নিকার সভায় সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কনকাপৈত তদন্তকেন্দ্রকে পৃথক থানায় রূপান্তরের উদ্যোগ আপাতত এগোচ্ছে না।
সময়ের আলো/কেএইচও