লটারির মাধ্যমে ওমরাহ পালন করা কি জায়েজ?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে ওমরাহ অন্যতম। সামর্থ্যবান মুসলমানদের কাছে পবিত্র কাবা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন বিশেষ মর্যাদার বিষয়। তবে,

2026-11-15T15:12:23+00:00
2026-11-15T15:14:07+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইসলাম
লটারির মাধ্যমে ওমরাহ পালন করা কি জায়েজ?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৩:১৪ পিএম
সামর্থ্যবান মুসলমানদের কাছে পবিত্র কাবা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন বিশেষ মর্যাদার বিষয়। ছবি : সংগৃহীত
ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে ওমরাহ অন্যতম। সামর্থ্যবান মুসলমানদের কাছে পবিত্র কাবা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন বিশেষ মর্যাদার বিষয়। তবে, অনেক সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান লটারির মাধ্যমে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিয়ে থাকে। এ ধরনের লটারিতে অংশ নিয়ে ওমরাহ পালন করা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না, তা অনেকেই জানেন না।

ইসলামী শরিয়তের পরিভাষায়, নিয়ত করে ইহরামসহ পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ, সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সাতবার সাঈ এবং মাথা মুণ্ডানোর মাধ্যমে ওমরাহ সম্পন্ন করা হয়।

ওমরাহ পালন করা সুন্নত। হজের পাঁচ দিন ছাড়া বছরের যেকোনো সময় এটি আদায় করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা হজ ও ওমরাহ পালনের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আর হজ ও ওমরাহ আল্লাহর জন্য পূর্ণ কর।’ (সুরা বাকারা, আয়াত : ১৯৬)

ওমরাহর ফজিলত সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমরা হজ ও ওমরাহ একটার পর অপরটা করো। কেননা, হজ ও ওমরা দারিদ্র্য বিমোচন ও গুনাহ দূর করে দেয় ঠিক সেভাবে, যেভাবে হাঁপরের আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে দেয়।’ (তিরমিজি, হাদিস: ৮১০)


লটারির মাধ্যমে ওমরাহ পালনের বিধান

লটারির মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাওয়ার বিষয়টি শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না, তা নির্ভর করে লটারির ধরন ও অর্থের উৎসের ওপর। ইসলামে সব ধরনের লটারি নিষিদ্ধ নয়। কিছু লটারি জুয়া বা কিমারের অন্তর্ভুক্ত, আবার কিছু লটারি কেবল কাউকে নির্বাচনের পদ্ধতি। ফিকহের পরিভাষায় এ ধরনের নির্বাচনকে বলা হয় ‘কুরআহ’ (القرعة)।

যদি কোনো লটারিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয় এবং সেই অর্থ দিয়ে বিজয়ী ব্যক্তির ওমরাহর খরচ বহন করা হয়, তাহলে তা জুয়ার অন্তর্ভুক্ত হবে। এ ধরনের লেনদেন ইসলামে হারাম।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো।’ (সুরা আল-মায়িদা, আয়াত : ৯০)

সুতরাং অংশগ্রহণকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ী ব্যক্তির ওমরাহর ব্যবস্থা করা হলে সেই অর্থ তার জন্য বৈধ হবে না। বরং অর্থের প্রকৃত মালিকদের তা ফিরিয়ে দিতে হবে।


কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের অর্থে বিনা মূল্যে লটারির আয়োজন করে কাউকে ওমরাহ পালনের সুযোগ দিলে, তা জায়েজ। কারণ, এ ক্ষেত্রে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না। এটি জুয়া নয়; বরং উপহার দেওয়ার একটি পদ্ধতি। তবে, অর্থের মালিকানা ও ব্যবহারের শর্ত অবশ্যই শরিয়তসম্মত হতে হবে।

এ ধরনের লটারির বৈধতার পক্ষে হাদিসেও দৃষ্টান্ত রয়েছে। উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তার স্ত্রীদের মধ্যে কুরআহ করতেন। তাদের মধ্যে যার নাম উঠত, তাকে সঙ্গে নিয়ে সফরে যেতেন।’ (সহিহ বুখারি)

এ হাদিস থেকে বোঝা যায়, কাউকে নির্বাচনের জন্য লটারির পদ্ধতি গ্রহণ করা বৈধ। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থ ব্যয়ে বিনা মূল্যে লটারির আয়োজন করে বিজয়ীকে ওমরাহ পালনের সুযোগ দিলে তাতে শরিয়তগত বাধা নেই।

সময়ের আলো/মহু
  বিষয়:   লটারি  ওমরাহ  জায়েজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: