গ্রাফিক : সময়ের আলো মানবজাতির দৈহিক সম্ভ্রম রক্ষার জন্য কাপড় পরা একটি অপরিহার্য শরিয়াহ বিধান। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্যসামগ্রী যেরকম প্রয়োজন, তেমনিভাবে দেহ ঢাকার জন্য বস্ত্রও অতীব প্রয়োজন। আবার খাবারের ক্ষেত্রে যেভাবে হারাম-হালাল বিবেচনা করতে হয়, একইভাবে বস্ত্র পরিধানের ক্ষেত্রেও বৈধ-অবৈধ পোশাক নির্ণয় করে পরিধান করতে হয়। মানবজাতির পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধিনিষেধ রয়েছে। তবে আমার এ লিখনীতে শুধু টাখনুর নিচে কাপড় পরিধান নিয়ে কিছু লেখার মনস্থ করেছি। আমরা সাধারণত মানবসমাজের একটি বড় অংশকে টাখনুর নিচে কাপড় পরিধান করতে দেখি। তারা হয়তো বুঝে পরেন, নতুবা না বুঝে পরেন। আবার অনেকে অহংকারবশত পরে থাকেন। মোদ্দাকথা হলো সর্বক্ষেত্রে মুসলিম উম্মাহর জন্য টাখনু গিরার নিচে কাপড় পরিধান করা ইসলাম সমর্থন করে না। তা ইসলামে নিন্দনীয় কাজ। আর এ নির্দেশ শুধু পুরুষের, নারীর জন্য নয়। কেননা পুরুষের জন্য শরিয়াহ কোনো কারণ ছাড়া কোনো অবস্থাতেই টাখনু গিরার নিচে কাপড় পরিধান করা জায়েজ নয়। কিন্তু নারীরা টাখনুর নিচে পর্দা হিসেবে কাপড় পরিধান করতে পারবে। নারীর অঙ্গপ্রত্যঙ্গ পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজত করা ঈমানি দায়িত্ব। এমনকি তা নারীর জন্য ইবাদতও।
টাখনুর নিচে কাপড় অহংকারের প্রকাশ : অহংকার একটি ঘৃণিত কাজ ও কবিরা গুনাহ। অহংকার বা অহংকারীকে চেনার অনেক লক্ষণ রয়েছে। তার মধ্যে একটি হলো টাখনুর নিচে কাপড় পরিধান করা। এর মাধ্যমে অহংকারীরা আমিত্ব প্রকাশ করে থাকে এবং নিজেকে সম্পদশালীর পরিচয় দেয়। কিন্তু এমন পরিচয় ইসলামে নিষিদ্ধ। তবে অসুস্থতার কারণে কোনো ব্যক্তি টাখনু গিরার নিচে কাপড় পরিধান করে তখন তা গুনাহ হবে না। এ ছাড়া টাখনুর নিচে কাপড় পরা অহংকারের পরিচায়ক ও কবিরা গুনাহ। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি অহংকারবশত টাখনু গিরার নিচে লুঙ্গি, পাজামা, প্যান্ট ঝুলায় আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না’ (বোখারি : ৫৮৪৭)। রাসুল (সা.) আরও বলেন, ‘এক ব্যক্তি অহংকারবশত তার লুঙ্গি হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছিল। এমতাবস্থায় তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হলো। ফলে সে কেয়ামত পর্যন্ত জমিনের মধ্যে তলিয়ে যেতে থাকবে।’ (বোখারি : ৩৫২৫)
টাখনুর নিচে কাপড় পরা নারকীয় কাজ : অসংখ্য পুরুষ অহংকারবশত বা দেহ অবয়বের সৌন্দর্য রক্ষার খেয়ালে টাখনুর নিচে লুঙ্গি বা পাজামা পরে থাকে। কিন্তু এটি কোনো মুমিন বান্দার স্বভাব হতে পারে না। কারণ ইসলাম কখনোই টাখনুর নিচে কাপড় পরিধানকে সমর্থন করে না। ইসলামি শরিয়ত টাখনুর নিচে কাপড় পরিধানকে নারকীয় কাজ বা জাহান্নামের কাজ হিসেবে ঘোষণা করেছে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, লুঙ্গি বা পাজামার যে অংশ টাখনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। (বোখারি : ৫৮৪৬)
টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়া মাকরুহ : নামাজ একটি মহান ইবাদত। এটি পরিপূূর্ণভাবে আদায় হওয়ার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত আমলের অনুসরণ করতে হবে এবং মাকরুহ-সংক্রান্ত কাজ পরিহার করতে হবে। আর ইসলামি শরিয়াহ মতে, পুরুষদের ক্ষেত্রে নামাজ আদায়কালে টাখনু গিরার নিচে কাপড় ঝোলানো মাকরুহ। এমনকি টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়লে তা আল্লাহর নিকট কবুল হয় না। হাদিসে আছে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘একবার এক ব্যক্তি তার লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে নামাজ পড়লে রাসুল (সা.) তাকে নির্দেশ দিলেন— যাও, পুনরায় ওজু করো। লোকটি গিয়ে ওজু করে এলো। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! সে ওজু অবস্থায় থাকা সত্ত্বেও আপনি কেন তাকে ওজু করার আদেশ দিলেন? তিনি বললেন, সে তার লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে নামাজ পড়ছিল। অথচ আল্লাহ তায়ালা ওই ব্যক্তির নামাজ কবুল করেন না, যে তার লুঙ্গি টাখনু গিরার নিচে ঝোলায়। (আবু দাউদ : ৪০৮৮)
পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম : পুরুষের জন্য টাখনু গিরার নিচে কাপড় পরা কবিরা গুনাহ। আর অহংকারবশত পরলে হারাম হবে। কিন্তু কোনো অসুস্থতার কারণে টাখনুর নিচে কাপড় পরা জায়েজ। তবে মহিলাদের জন্য সতর বা পর্দার দিক লক্ষ্য করত টাখনুর নিচে কাপড় পরা জায়েজ আছে, বরং মুস্তাহাব। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু কিছু পুরুষ মুসল্লিকে নামাজের বাইরে টাখনুর নিচে লুঙ্গি, প্যান্ট বা পাজামা পরতে দেখা যায়, কিন্তু তারা নামাজ আদায়কালে ওই সব কাপড় টাখনুর ওপরে তুলে দেয়। অথচ পুরুষদের জন্য সর্বাস্থায় টাখনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। সুতরাং প্রত্যেক মুসলিম পুরুষদের উচিত সর্বদা টাখনুর ওপরে লুঙ্গি, পাজামা ইত্যাদি পরা। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, মুমিনের ইজার (লুঙ্গি, পাজামা ও প্যান্ট) পায়ের অর্ধনলা পর্যন্ত থাকা চাই। তবে এর নিচে টাখনু গিরার মধ্যবর্তী পর্যন্ত হওয়ার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু টাখনুর নিচে যা যাবে তা জাহান্নামে যাবে। এ কথাটি তিনি তিনবার বলেছেন। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত লুঙ্গি হেঁচড়িয়ে চলে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার প্রতি দৃষ্টি দেবেন না। (ইবনে মাজাহ : ৩৭০৪)
লেখক : শিক্ষক, নাজিরহাট বড় মাদরাসা
ফটিকছড়ি, চট্টগ্রাম
সময়ের আলো/প্রিন্ট/এসকে