গ্রাফিক : সময়ের আলো পৌষ-মাঘের শীত নামলেই আমাদের নাগরিক জীবনে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়। আলমারি থেকে বেরিয়ে আসে বাহারি রঙের সোয়েটার, শাল ও জ্যাকেট। শীত উপভোগের নানা আয়োজনে মেতে ওঠে মানুষ। অথচ এই শীতই উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের নদীভাঙনে ঘরহারা মানুষ, শহরের ফুটপাথ, রেলস্টেশন ও বাস টার্মিনালে রাত কাটানো গৃহহীন মানুষ এবং নিম্ন আয়ের অসংখ্য পরিবারের জন্য হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ। যাদের অনেকেরই সামর্থ্য নেই নিজেদের কিংবা সন্তানদের জন্য একটি গরম কাপড় কেনার, তাদের কাছে শীতের প্রতিটি রাত যেন একেকটি কঠিন সংগ্রাম। এক টুকরো উষ্ণ কাপড়ের অভাবে অবোধ শিশুকে রাত কাটাতে হয় কষ্ট করে, অসহায় বৃদ্ধকে পোহাতে হয় শীতজনিত নানা রোগের যন্ত্রণা; কখনো কখনো এই অসহায়ত্ব জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দেয়। এমন বাস্তবতায় আমরা যদি কেবল নিজেদের আরাম-আয়েশ ও উষ্ণতার বৃত্তে আবদ্ধ থাকি, তবে তা ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে না। কারণ ইসলাম কেবল আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রতি ভালোবাসা, অসহায়ের পাশে দাঁড়ানো, সৃষ্টির প্রতি দয়া ও মানবকল্যাণের মধ্যেই এর সৌন্দর্য ও পূর্ণতা প্রকাশ পায়। তাই শীতার্ত মানুষের হাতে এক টুকরো উষ্ণ কাপড় তুলে দেওয়া কেবল দান বা অনুগ্রহ নয়; বরং এটি মানবিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং ঈমানের এক গুরুত্বপূর্ণ দাবি।
ইসলামি জীবনদর্শনে মানবসেবাকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কুরআনের সুরা আল-ইনসানের ৮ নম্বর আয়াতে জান্নাতবাসীদের অন্যতম গুণ উল্লেখ করে বলা হয়েছে, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার দান করে। শীতের মৌসুমে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং বস্ত্রহীন মানুষের উষ্ণতার ব্যবস্থা করা এই কুরআনিক শিক্ষারই বাস্তব প্রতিফলন। রাসুলুল্লাহ (সা.)-এর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাণী রয়েছে, ‘যারা পৃথিবীবাসীর প্রতি দয়া করে, পরম করুণাময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন’ (জামে তিরমিজি, হাদিস : ১৯২৪)। অর্থাৎ সৃষ্টির প্রতি দয়া ও সেবা প্রদর্শন মূলত স্রষ্টার রহমত ও সন্তুষ্টি অর্জনের পথ। আমরা যখন কোনো শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল জড়িয়ে দিই, তখন কেবল তার শরীরকেই উষ্ণ করি না; বরং তার মনে সমাজের প্রতি আস্থা ও নিরাপত্তার অনুভূতিও ফিরিয়ে আনতে সাহায্য করি। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন’ (সহিহ মুসলিম)। এই বাণীগুলোই আমাদের মনে করিয়ে দেয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি পথ।
ইসলামের দৃষ্টিতে সামর্থ্যবান মানুষের সম্পদেও অভাবীদের অধিকার রয়েছে। পবিত্র কুরআনের সুরা আজ-জারিয়াতের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের সম্পদে সাহায্যপ্রার্থী ও বঞ্চিতদের নির্ধারিত অধিকার রয়েছে। অতএব শীতের মৌসুমে কোনো অসহায় মানুষকে সহযোগিতা করা কেবল দয়া বা অনুগ্রহ নয়; বরং প্রাপ্য অধিকারটুকু তার হাতে পৌঁছে দেওয়া। প্রতিবেশী কিংবা আশপাশের কোনো মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে, অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা তার খোঁজ নিচ্ছি না— এটি নিঃসন্দেহে আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ববোধের প্রকাশ করে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে’ (সহিহ বুখারি, হাদিস : ১৩)। নিজের জন্য যে উষ্ণতা, নিরাপত্তা ও স্বস্তি কামনা করি, অন্যের জন্যও তা কামনা করাই এই শিক্ষার মূল তাৎপর্য। তাই শীতার্ত মানুষের কষ্ট উপেক্ষা করে নিজেদের বিলাসে মগ্ন থাকা এই মহান শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
ইসলামের সৌন্দর্য এখানেই যে, এটি মুমিনদের পারস্পরিক সম্পর্ককে একটি দেহের সঙ্গে তুলনা করেছে। দেহের একটি অঙ্গ ব্যথিত হলে যেমন পুরো শরীর সেই যন্ত্রণা অনুভব করে, তেমনি সমাজের একটি অংশের মানুষ কষ্টে থাকলে অন্যদেরও সেই কষ্ট অনুভব করা উচিত। রাসুলুল্লাহ (সা.)-এর এই শিক্ষা আজ আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের একপ্রান্তের মানুষ যখন শীতে কাঁপছে, তখন অন্যপ্রান্তের মানুষ বিলাসিতায় ব্যস্ত থাকবে— এমন বৈষম্য কোনো সুস্থ মানবিক সমাজের পরিচয় হতে পারে না। জাকাত ও সদকার মতো গুরুত্বপূর্ণ বিধান ইসলামে রাখা হয়েছে সম্পদের সুষম বণ্টন এবং অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে। তাই শীতের এই সময়ে সামষ্টিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও প্রত্যেকের এগিয়ে আসা জরুরি। শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা, মানসম্মত কাপড় পৌঁছে দেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছানোও সমান গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের অপচয় ও বিলাসিতার বাজেট থেকে সামান্য অর্থ বাঁচিয়ে একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, তবে সেই ক্ষুদ্র উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এক টুকরো খেজুর সদকা করার মাধ্যমে হলেও।’ অর্থাৎ সামর্থ্য যতটুকুই হোক না কেন, আন্তরিকতা ও সদিচ্ছার গুরুত্ব অপরিসীম।
শীতকাল যেমন অসহায় ও ছিন্নমূল মানুষের জীবনে দুর্ভোগের বার্তা নিয়ে আসে, তেমনি একজন মুমিনের জন্য এটি আত্মশুদ্ধি, ইবাদত ও মানবসেবার এক অনন্য সুযোগ। দিন ছোট হওয়ায় এ সময় নফল রোজা রাখা তুলনামূলক সহজ হয়। অন্যদিকে রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যায়। তবে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৃষ্টির সেবা করাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯)। এই মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আসুন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র, কম্বল ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে তাদের পাশে এগিয়ে আসি। মনে রাখতে হবে, আমাদের কাছে যা সামান্য, কোনো অসহায় মানুষের কাছে তা-ই হতে পারে শীত নিবারণের একমাত্র অবলম্বন। তাই নিজের উষ্ণতা নিশ্চিত করার পাশাপাশি অন্যের কষ্ট লাঘবের দায়িত্বও আমাদের নিতে হবে।
আমাদের সামান্য সহমর্মিতা ও মানবিক উদ্যোগই হয়তো কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরকালীন মুক্তি ও কল্যাণের পাথেয় হয়ে থাকবে।
সময়ের আলো/প্রিন্ট/আতা