আল-মুহয়ী : মৃত হৃদয়ে প্রাণ সঞ্চারকারী

তাহনিয়া ইসলাম খান

ইসলাম

আমাদের মধ্যে কেউ হয়তো মনের ওপর ভারী বোঝা নিয়ে বসে আছেন, কেউ হয়তো মানসিকভাবে ভেঙে পড়ছেন, আবার কেউ হয়তো এমন

2026-11-13T20:25:08+00:00
2026-11-13T20:25:08+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইসলাম
আল্লাহর গুণবাচক নাম
আল-মুহয়ী : মৃত হৃদয়ে প্রাণ সঞ্চারকারী
তাহনিয়া ইসলাম খান
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
আমাদের মধ্যে কেউ হয়তো মনের ওপর ভারী বোঝা নিয়ে বসে আছেন, কেউ হয়তো মানসিকভাবে ভেঙে পড়ছেন, আবার কেউ হয়তো এমন পর্যায়ে পৌঁছেছেন যে, কোনো অনুভূতিই আর কাজ করছে না। মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, তাতে হৃদয় হয়তো অসাড় হয়ে পড়ছে। এমন অবস্থায় হাল ছেড়ে দেবেন না। সুরা বাকারায় আল্লাহ উযাইর (আ.)-এর ঘটনা বর্ণনা করেছেন। তিনি যখন জেরুজালেমে পৌঁছালেন, তখন দেখলেন শহরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে  গেছে এবং সেখানে জীবনের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। তখন উযাইর (আ.) বিস্ময় প্রকাশ করে বললেন, আল্লাহ কীভাবে এই ধ্বংসস্তূপকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন? তখন আল্লাহ তাঁকে এবং তাঁর গাধাকে একশ বছরের জন্য মৃত অবস্থায় রাখলেন, এরপর পুনরায় জীবিত করলেন। সুরা বাকারার ২৫৯ নং আয়াত থেকে এর বিস্তারিত বর্ণনা জানা যাবে। আল্লাহ শুধু উযাইর (আ.)-কে নয়, প্রকৃতপক্ষে পুরো জেরুজালেম শহরকেই পুনরায় জীবিত করেছিলেন। তাই জেনে রাখুন, তিনি আপনার সুন্দর হৃদয়টিকেও পুনরুজ্জীবিত করতে সক্ষম। সেই হৃদয়, যা তিনি সৃষ্টিই করেছিলেন তাঁকে জানার জন্য।

আল্লাহ নিজেকে ‘আল-মুহয়ী’ অর্থাৎ ‘পুনর্জীবন দানকারী’ বলে অভিহিত করেছেন। আল-মুহয়ী তিনিই, যিনি জীবন সৃষ্টি করেছেন এবং তিনিই নির্ধারণ করেন কাকে জীবন দেওয়া হবে। 

একমাত্র তিনি কোনো কিছুকে প্রাণ দিতে পারেন, মানুষের হৃদয়ে আধ্যাত্মিক জীবনের সঞ্চারও তিনিই করেন, সৃষ্টি কুলের টিকে থাকার জন্য প্রয়োজনীয় সব পরিবেশ তৈরি করে দেন। বিচার দিবসে তিনি আত্মা ও শরীরকে একত্রিত করবেন, যাতে পৃথিবীতে আমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া যায়। তাঁর জন্য এটি অত্যন্ত সহজ একটি কাজ। আল-মুহয়ী স্বয়ং বলেন, ‘নিশ্চয়ই যিনি জমিনকে জীবিত করেন তিনি মৃতদেরও জীবিতকারী। নিশ্চয় তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান’ (সুরা ফুসসিলাত : আয়াত ৩৯)। তিনি আরও বলেন, ‘সুতরাং আল্লাহর রহমতের প্রভাব লক্ষ করো। কীভাবে তিনি মৃতপ্রায় পৃথিবীকে পুনরুজ্জীবিত করেন।’ (সুরা রুম : আয়াত ৫০)

আমরা যদি আমাদের হৃদয়কে সেই উদ্দেশ্যে ব্যবহার করতে ব্যর্থ হই, যার জন্য তা সৃষ্টি করা হয়েছিল, তবেই তাতে মরিচা ধরে যায়। যে ব্যক্তি কখনো শরীরচর্চা করে না, তার পক্ষে ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যে ব্যক্তি মাসের পর মাস শয্যাশায়ী থাকেন, সুস্থ হওয়ার পরপরই তিনি হয়তো সোজা হয়ে হাঁটতে পারেন না, কারণ দীর্ঘ সময় ধরে তার পাগুলো কোনো কাজে ব্যবহৃত হয়নি। একইভাবে আমরা যখন আমাদের হৃদয়কে আল্লাহর দিকে পরিচালিত করার মাধ্যমে ব্যবহার করতে ব্যর্থ হই, তখন ধীরে ধীরে তা মৃতপ্রায় হয়ে পড়ে এবং আমরা ভুলে যাই, যে উদ্দেশ্যে আমাদের হৃদয় সৃষ্টি করা হয়েছিল, সেই উদ্দেশ্যে কীভাবে তাকে কাজে লাগাতে হয়। হয়তো আপনি ভাবছেন, ‘আমি অন্যদের চেয়ে আলাদা। আমার আর কোনো আশা নেই, আমাকে আর ফেরা সম্ভব নয়’— এমন চিন্তা শয়তানের প্ররোচনা। আমাদের কারও কারও হয়তো গত একটি বছর বা কয়েকটা বছর খুব কঠিন কেটেছে, যার প্রভাব আমাদের ওপর পড়ছে। আবার কেউ হয়তো ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে পড়েছেন, এমন পর্যায়ে পৌঁছেছেন যে, আল্লাহর সঙ্গে সম্পর্কের চেয়ে অন্য সবকিছুই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ হচ্ছেন ‘আল-মুহয়ী’, যিনি পুনর্জীবন দান করেন। তাই এমনটা ভাববেন না যে আপনার আর কোনো আশা নেই, কিংবা চেষ্টা করার কোনো মানে হয় না। আল্লাহর দিকে ফিরে আসার একমাত্র উপায় হলো, তাঁর সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরায় গড়ে তোলা এবং তাঁকে আবারও আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা। শুধু নিজের দায়িত্বটুকু মনে রাখুন। আপনার হৃদয়কে পুনরায় জাগিয়ে তোলার সংকল্প করুন। মনে রাখবেন, আপনি যা সংকল্প করবেন, তা-ই পাবেন। যখন আপনার হৃদয় পুনরুজ্জীবিত হবে, সত্যিকার অর্থেই প্রাণ ফিরে পাবেন, তখন আপনি এক প্রশান্তি ও পূর্ণতা অনুভব করবেন। কারণ আপনার হৃদয় তখন সেই জিনিসটিতে পরিপূর্ণ হয়ে উঠবে, যার জন্য এটি সৃষ্টি করা হয়েছে, আর তা হলো আল্লাহর প্রতি ভালোবাসা। তখন আপনি আল্লাহর নাম ‘আল-মুহয়ী’-এর এক জীবন্ত প্রকাশ হয়ে উঠবেন। হৃদয়ে মরিচা পড়ে গেছে বলে হয়তো কিছুটা সময় লাগতে পারে।

কীভাবে হৃদয়ের মরিচা দূর করা যায়? কুরআন তেলাওয়াতের পাশাপাশি এর অর্থ ও তাৎপর্য নিয়ে চিন্তা-ভাবনা (তাদাব্বুর) করুন। আজকাল অনলাইনে বিভিন্ন তাফসির যেমন পড়া যায়, তেমনি শোনাও যায়। কুরআন থেকে পাওয়া শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ আমাদের বলেন, ‘যে ব্যক্তি মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন এক আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মাঝে চলাফেরা করে— সে কি সেই ব্যক্তির মতো হতে পারে, যে অন্ধকারে নিমজ্জিত, যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না’ (সুরা আনআম, আয়াত ১২২)। আমাদের জীবনে এই আলোটাই প্রয়োজন। তাই জ্ঞান অর্জনের চেষ্টা করুন। ইসতিগফার করুন। কখনো কখনো আমাদের হৃদয়ের এই জড়তা বা অসাড়তা আসে আমাদের করা সেই ভুল কাজগুলোর কারণে, যা এত বেশি হয়ে গেছে যে আমরা এখন আর সেগুলো খেয়ালই করি না। বর্ণিত হয়েছে, ‘কোনো বান্দা যখন কোনো পাপ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। 

কিন্তু সে যদি সেই পাপ ছেড়ে দেয়, ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, তবে তার হৃদয় আবার পরিষ্কার হয়। আর যদি সে বারবার একই পাপ করতে থাকে, তবে সেই কালো দাগ বাড়তে থাকে, যতক্ষণ না তা পুরো হৃদয়কে ঢেকে ফেলে’ (তিরমিজি, ইবনে মাজাহ)। ইসতিগফারের মূল বিষয় হলো আত্ম-পর্যালোচনা বা চিন্তা করা। আমরা যখন চিন্তা-ভাবনা করি না, তখনই আমাদের হৃদয় অসাড় হয়ে পড়ে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজের হৃদয়কে পবিত্র করুন। দোয়া করুন। আমাদের অন্তরের শূন্যতার কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেবল তিনিই পারেন তা পূর্ণ করতে। সুন্নাহকে পুনরুজ্জীবিত করুন। এমন সব আমলকে পুনরুজ্জীবিত করুন যা মানুষ ভুলে গেছে বা অবহেলা করছে। যেমন কৃতজ্ঞতাস্বরূপ সেজদা (সাজদাহ আশ-শুকর) করা, কিংবা রাস্তায় চলার সময় সালাম দেওয়ার মতো বিষয়গুলো।

জীবনকে মূল্যবান মনে করুন। ‘আল-মুহয়ী’ আপনাকে জীবন দিয়েছেন এবং এই পৃথিবীতে আপনাকে তাঁর প্রতিনিধি হিসেবে স্থাপন করেছেন। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজের জীবনকে সম্মান করুন। জ্ঞান, দক্ষতা ও মানসিক সহায়তার মাধ্যমে অন্যদের জীবনে কল্যাণ বয়ে এনে তাদের জীবনকেও সম্মান করুন। কারও কোনো ক্ষতি করবেন না। কুরআনে বর্ণিত অর্থহীন কার্যকারিতা থেকে নিজেকে বিরত করার নিরন্তর চেষ্টা করুন, এর মধ্যে রয়েছে অহেতুক কথাবার্তা, কোনো উপকারে আসে না এমন বিষয় দেখা ইত্যাদি।

‘আল-মুহয়ী’ প্রকৃতির মাঝে তাঁর সৃষ্টির মাধ্যমে যে অত্যন্ত মূল্যবান শিক্ষাগুলো দিয়েছেন, তা অনুধাবন করুন। 

যেমন, ঋতু পরিবর্তন, সবুজ প্রকৃতি থেকে রুক্ষ ও প্রাণহীন অবস্থায় রূপান্তর দেখার সময় নিজের জীবনের উত্থান-পতনের কথা চিন্তা করুন এবং মনে রাখুন যে, কঠিন সময়ের পর সহজ সময় অবশ্যই আসে, আসবে। নবী (সা.)-কে জিগ্যেস করা হয়েছিল, ‘আমাদের সঙ্গীদের মধ্যে কারা সর্বোত্তম?’ তিনি উত্তর দিলেন, ‘যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে এবং যাদের কাজ আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়’ (আল-মুহাসবি)। নিজেকে ও অন্যদের পরকালের কথা স্মরণ করিয়ে দিন। আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার জন্য ছোট ছোট পদক্ষেপ নিন, নামাজের মাধ্যমে, তাঁকে স্মরণ করার মাধ্যমে এবং সৎ সঙ্গের মাধ্যমে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   আল্লাহ  আল-মুহয়ী  পুনর্জীবন দানকারী  জীবন  সৃষ্টি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: