মসজিদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর ঘটনা নতুন নয়। মুসল্লিরা নামাজে দাঁড়ানোর সুযোগে অসাধু ব্যক্তিরা অনেক সময় জুতা নিয়ে পালিয়ে যায়। এমন পরিস্থিতিতে নামাজরত অবস্থায় নিজের জুতা চুরি হতে দেখলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। বিশেষ করে চুরি বা নষ্ট হওয়ার আশঙ্কায় উল্লেখযোগ্য মূল্যের সম্পদ রক্ষার প্রয়োজন দেখা দিলে নামাজ ছেড়ে দেওয়ায় অন্যায় নেই।
সম্প্রতি এক ব্যক্তি এমন একটি ঘটনার কথা উল্লেখ করে জানতে চেয়েছেন, তিনি একটি মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে দরজার পাশে রাখা জুতার বাক্সে নিজের জুতা রেখে নামাজে দাঁড়ান। তার জুতার দাম ছিল ১ হাজার ৭০০ টাকা। নামাজ চলাকালে এক চোর জুতা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তিনি নামাজ ছেড়ে চোরকে ধরতে যান। তবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে ধরতে পারেননি। এর মধ্যে জামাত শেষ হয়ে যায়। পরে বাসায় গিয়ে তিনি জোহরের নামাজ আদায় করেন।
এ ধরনের পরিস্থিতিতে নামাজ ছেড়ে দিয়ে সম্পদ রক্ষার চেষ্টা করা জায়েজ। একাধিক তাবেয়ির ঘটনা থেকেও এর প্রমাণ পাওয়া যায়। তারা নামাজরত অবস্থায় নিজেদের বাহন চলে যাওয়ার উপক্রম হলে নামাজ ছেড়ে দিয়ে তা রক্ষার চেষ্টা করেছেন। কোনো কোনো ফকিহের মতে, এক দিরহাম অর্থাৎ ৩ দশমিক ০৬১৪ গ্রাম রুপার সমপরিমাণ সম্পদ রক্ষার জন্যও নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। বর্তমান হিসাবে যার মূল্য প্রায় ৯১৮ টাকা।
তবে নামাজে দাঁড়ানোর আগেই জুতা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখার ব্যবস্থা করা উচিত। এতে নামাজের সময় চুরি বা হারানোর আশঙ্কা থেকে মনোযোগ বিঘ্নিত হওয়ার পরিস্থিতি এড়ানো সম্ভব।
সূত্র : রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার, খণ্ড : ২
সময়ের আলো/এসএকে