গ্রাফিক : সময়ের আলোমধ্যপ্রাচ্যের ইতিহাসে সিরিয়া এক অনন্য নাম। প্রাচীন সভ্যতা, ইসলামের গৌরবময় ইতিহাস, জ্ঞানচর্চা, স্থাপত্যশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই দেশ। ঐতিহাসিক বৃহত্তর শাম অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সিরিয়া মুসলিম বিশ্বের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। বিশেষ করে দামেস্ক ছিল ইসলামি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। উমাইয়া খিলাফতের রাজধানী হিসেবে শহরটি মুসলিম সভ্যতার বিকাশে যে অবদান রেখেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। দীর্ঘ সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার পর সিরিয়া আজ নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে। দেশটির সমৃদ্ধ অতীত ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা তাই নতুন করে জানার দাবি রাখে।
ইসলামের আগমন ও শামের ঐতিহাসিক গুরুত্ব
‘শাম’ বলতে ঐতিহাসিকভাবে বৃহত্তর একটি অঞ্চলকে বোঝানো হয়, যার অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়াসহ আশপাশের কয়েকটি ভূখণ্ড। প্রাচীনকাল থেকেই অঞ্চলটি বাণিজ্য, সংস্কৃতি ও ধর্মীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইসলামের আবির্ভাবের পর এই অঞ্চল মুসলিম বিশ্বের ইতিহাসে বিশেষ স্থান লাভ করে। খলিফা হজরত আবু বকর (রা.)-এর শাসনামলে শাম অঞ্চলে মুসলিম বাহিনীর অভিযান শুরু হয়। পরবর্তী সময়ে খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে অঞ্চলটির বিভিন্ন এলাকা মুসলিম শাসনের অধীনে আসে। ৬৩৬ খ্রিস্টাব্দে সংঘটিত ইয়ারমুকের যুদ্ধ এ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধের পর শাম অঞ্চলে মুসলিম শাসনের বিস্তার আরও সুদৃঢ় হয়। ইসলামের আগমনের পর সিরিয়ায় মসজিদ, শিক্ষাকেন্দ্র ও প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ইসলামি মূল্যবোধের সংযোগে এ অঞ্চলে নতুন সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের বিকাশ ঘটে।
উমাইয়া খেলাফত ও দামেস্কের গৌরব
সিরিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হলো উমাইয়া খেলাফত। ৬৬১ খ্রিস্টাব্দে হজরত মুয়াবিয়া (রা.) খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের পর দামেস্ককে খিলাফতের রাজধানী করা হয়। ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া শাসনামলে দামেস্ক মুসলিম বিশ্বের প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। উমাইয়া শাসনামলে মুসলিম সাম্রাজ্যের বিস্তার, প্রশাসনিক কাঠামোর উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও স্থাপত্যশিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পায়।
স্থাপত্য ও ঐতিহ্যের অনন্য নিদর্শন উমাইয়া মসজিদ
দামেস্কের সবচেয়ে পরিচিত ঐতিহাসিক নিদর্শন হলো উমাইয়া মসজিদ। উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিকের শাসনামলে ৭০৫ থেকে ৭১৫ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মিত হয়। এর স্থাপত্যশৈলী, কারুকাজ, মোজাইক অলংকরণ ও বিশাল প্রাঙ্গণ ইসলামি স্থাপত্যের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়; বরং বহু শতাব্দী ধরে ধর্মীয় শিক্ষা, জ্ঞানচর্চা ও সামাজিক যোগাযোগের কেন্দ্র হিসেবেও পরিচিত। বিভিন্ন সময়ে সংস্কার ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য সংরক্ষিত হয়েছে। দামেস্কের প্রাচীন নগরী ১৯৭৯ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১৩ সালে সিরিয়ার সংঘাতের প্রেক্ষাপটে নগরীটিকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটি শুধু সিরিয়ার নয়, সমগ্র মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ।
সালাহউদ্দিন আইয়ুবি স্মৃতিবিজড়িত আলেপ্পো
সিরিয়ার আরেকটি ঐতিহাসিক শহর আলেপ্পো। প্রাচীনকাল থেকেই এটি বাণিজ্য, সংস্কৃতি ও নগরসভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আলেপ্পোর দুর্গ, পুরোনো বাজার, মসজিদ ও ঐতিহাসিক স্থাপনাগুলো শহরটির দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহন করে। ১৯৮৬ সালে আলেপ্পোর প্রাচীন নগরী ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। আলেপ্পোর ইতিহাস মধ্যযুগের মুসলিম শাসন ও ক্রুসেডের সময়কার ঘটনাপ্রবাহের সঙ্গেও সম্পর্কিত। এ সময়ের অন্যতম আলোচিত মুসলিম শাসক ছিলেন সালাহউদ্দিন আইয়ুবি। মুসলিম ভূখণ্ডের ঐক্য প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
সময়ের আলো/প্রিন্ট/আতা