আলোকিত প্রজন্ম গড়ার পাঠশালা মক্তব

ফিরোজ চিশতী

ইসলাম

শৈশবকাল হলো শিশুর জীবন গঠনের সবচেয়ে উপযুক্ত সময়। শৈশবে শিশুর হৃদয়ে যে শিক্ষা, আদর্শ ও মূল্যবোধের বীজ বপন করা হয়,

2026-11-13T20:30:02+00:00
2026-11-13T20:30:02+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইসলাম
আলোকিত প্রজন্ম গড়ার পাঠশালা মক্তব
ফিরোজ চিশতী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
শৈশবকাল হলো শিশুর জীবন গঠনের সবচেয়ে উপযুক্ত সময়। শৈশবে শিশুর হৃদয়ে যে শিক্ষা, আদর্শ ও মূল্যবোধের বীজ বপন করা হয়, তা ভবিষ্যৎ জীবনের পথচলায় গভীর প্রভাব ফেলে। শৈশব থেকেই শিশুকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, কুরআনের আলোয় আলোকিত করা এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই সুন্দর যাত্রার অন্যতম প্রাথমিক শিক্ষাকেন্দ্র হলো সকালের মক্তব। মক্তবের শিক্ষায় শিশু দ্বীন সম্পর্কে পরিচয় লাভ করে, শৈশবে নামাজের অভ্যাস গড়ে ওঠে, বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হয় এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম ও সুন্দর সমাজ গঠনে সকালের মক্তবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন শিক্ষা, নামাজ, দোয়া, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি তারা সত্যবাদিতা, সততা, শিষ্টাচার ও মানবিকতার শিক্ষা লাভ করে। এই শিক্ষা তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এবং নৈতিকতার বিকাশে সহায়তা করে।

পবিত্র কুরআনের প্রথম নাজিল হওয়া নির্দেশনা ‘ইকরা’ অর্থাৎ পড়ো। মহান আল্লাহ তায়ালা বলেন,‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক।’ অর্থ : পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন (সুরা আলাক, আয়াত : ১)। অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘ওয়া কুল রাব্বি জিদনি ইলমা।’ অর্থ : বলুন, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন (সুরা ত্বহা, আয়াত : ১১৪)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০২৭)

মক্তবের শিক্ষা শিশুর মধ্যে সামাজিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা গড়ে তুলতে পারে। মক্তবের শিক্ষা বাবা-মায়ের খেদমত করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা শৈশব থেকেই তৈরি হয়। নিয়মিত ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা শিশু-কিশোরদের অন্যায়, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত করে। বড় হয়ে অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সৎ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হওয়ার ভিত্তিও তৈরি হয়। পাশাপাশি নামাজের প্রতি ভালোবাসা ও নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে ওঠে।

এ ক্ষেত্রে মা-বাবার দায়িত্ব সন্তানকে নিয়মিত মক্তবে পাঠানো এবং নিজেরাও তার শিক্ষার প্রতি যত্নশীল থাকা। অন্যদিকে শিক্ষকদের দায়িত্ব ভালোবাসা, ধৈর্য ও কোমল আচরণের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া। ভয়ভীতি নয় বরং স্নেহ ও উৎসাহের মাধ্যমে তাদের মনে দ্বীনের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যাশা, প্রতিটি পাড়া-মহল্লায় সুন্দর পরিবেশে মানসম্মত সকালের মক্তব গড়ে উঠুক। কুরআনের আলোয় আলোকিত হোক শিশুর হৃদয়, বিকশিত হোক নৈতিকতা, সমৃদ্ধ হোক সামাজিক মূল্যবোধ। আজকের মক্তবের শিশুরাই আগামী দিনের আদর্শ পরিবার, সুন্দর সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   শৈশব  শিশু  জীবন  হৃদয়  শিক্ষা  আদর্শ  মূল্যবোধ  দ্বীন  কুরআন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: