প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
ছবি : সংগৃহীতসৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি। বিজয়ীদের প্রত্যেকে একজন করে সঙ্গীও সঙ্গে নিতে পারবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিজয়ী তিন বাংলাদেশির নাম প্রকাশ করেছে নুসুক। তারা হলেন মো. খালেদ হোসাইন চৌধুরী, রাহিমা বেগম ও রেদওয়ানুল করিম।
পুরস্কার হিসেবে বিজয়ীরা বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া-আসার বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার সুযোগ পাবেন। প্রত্যেকে চাইলে একজন সঙ্গীও সঙ্গে নিতে পারবেন।
যেভাবে অংশ নেবেন
নুসুক অ্যাপের মাধ্যমে এ কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিশ্বের যেকোনো দেশের নাগরিক। তবে প্রতিযোগীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং থাকতে হবে বৈধ পাসপোর্ট।
অংশ নিতে প্রথমে স্মার্টফোন বা কম্পিউটারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিজের নাম, দেশ, ই-মেইল ঠিকানা ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ই-মেইলে পাঠানো ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
অ্যাকাউন্টে প্রবেশের পর মেনু থেকে ‘গেম সেন্টার’ বা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে যেতে হবে। সেখানে পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে কুইজের ক্যাটাগরি পাওয়া যাবে।
একটি ক্যাটাগরি বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় যুক্ত হবে।
এ ছাড়া নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যাবে। এতে লটারিতে জেতার সম্ভাবনা বাড়বে।
ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে জমজমের পানির বিশেষ কার্ড দেওয়া হবে। প্রত্যেকে ২০টি করে কার্ড পাবেন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য।
প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের অফিশিয়াল অ্যাপ বা যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো নভেম্বরজুড়েই প্রতিদিন ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ থাকছে।
সময়ের আলো/জেডি