জান্নাতে নারীদের পুরস্কার কি পুরুষদের চেয়ে কম হবে?

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

পৃথিবীর সমাজব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা পিতৃতান্ত্রিক চিন্তাভাবনার প্রভাব অনেক সময় মানুষের ধর্মীয় উপলব্ধিতেও পড়ে। এ কারণে অনেক নারীর মনে

2026-11-15T02:59:36+00:00
2026-11-15T02:59:36+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইসলাম
জান্নাতে নারীদের পুরস্কার কি পুরুষদের চেয়ে কম হবে?
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
পৃথিবীর সমাজব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা পিতৃতান্ত্রিক চিন্তাভাবনার প্রভাব অনেক সময় মানুষের ধর্মীয় উপলব্ধিতেও পড়ে। এ কারণে অনেক নারীর মনে প্রশ্ন জাগে, জান্নাতেও কি পুরুষদের প্রাধান্য থাকবে? পুরুষেরা যদি বিশেষ সঙ্গী ও নানা নেয়ামতের কথা শুনে থাকেন, তাহলে নারীদের জন্য কী পুরস্কার রাখা হয়েছে? পরকালেও কি নারীদের নীরব দর্শক হয়ে থাকতে হবে?

ইসলামের দৃষ্টিতে এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমেই বুঝতে হবে, জান্নাতের জীবন পৃথিবীর জীবনের মতো নয়। পার্থিব জীবনের সামাজিক রীতিনীতি, শারীরিক চাহিদা কিংবা নারী-পুরুষের পারস্পরিক সম্পর্কের অভিজ্ঞতা দিয়ে পরকালের জীবনকে পরিমাপ করা সম্ভব নয়। কারণ জান্নাতে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে। সেখানে থাকবে না রোগ-শোক, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ কিংবা বঞ্চনার যন্ত্রণা।

পবিত্র কোরআনে জান্নাতিদের অন্তর থেকে সব ধরনের বিদ্বেষ ও হিংসা দূর করে দেওয়ার কথা বলা হয়েছে। ফলে পৃথিবীতে মানুষ যে অপূর্ণতা, ঈর্ষা কিংবা অপ্রাপ্তির অনুভূতি নিয়ে জীবন কাটায়, জান্নাতে তার কোনো অস্তিত্ব থাকবে না। জান্নাত হবে প্রশান্তি, পরিতৃপ্তি ও পরিপূর্ণ সুখের আবাস। (আল-গাজালি, ইহয়াউ উলুমিদ দিন, ৪/৪৩০, দারুল মারিফাহ, বৈরুত, ১৯৮২)

নারী-পুরুষের প্রতিদান সমান

ইসলামে আল্লাহর কাছে নারী ও পুরুষের প্রতিদানের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কোনো সৎকর্মশীলের কাজই তিনি নষ্ট করবেন না—সে নারী হোক কিংবা পুরুষ। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি তোমাদের কোনো কাজ সম্পাদনকারীর কাজ বিফল করি না, সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের অংশ।’ (সুরা ইমরান, আয়াত : ১৯৫)

তাহলে জান্নাতের নেয়ামত বর্ণনায় হুর বা বিশেষ সঙ্গীদের প্রসঙ্গ কেন বেশি এসেছে? নারীদের পুরস্কারের বিষয়টি কেন একইভাবে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি?


ইসলামি ব্যাখ্যাকারদের কেউ কেউ মনে করেন, কোরআন অবতীর্ণ হওয়ার সময়কার মানুষের স্বভাব ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে জান্নাতের বিভিন্ন নেয়ামতের বিবরণ দেওয়া হয়েছে। পুরুষদের কাছে আকর্ষণীয় মনে হতে পারে এমন সঙ্গী ও হুরের কথা যেমন এসেছে, তেমনি জান্নাতের সৌন্দর্য, প্রশান্তি, অলংকার, পোশাক ও সুরম্য আবাসের কথাও বলা হয়েছে। এসব নেয়ামত নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য।

পবিত্র কোরআনে জান্নাতিদের স্বর্ণের অলংকার ও রেশমি পোশাক পরিধানের কথা উল্লেখ রয়েছে। ইরশাদ হয়েছে, ‘তাদের পরিধান করানো হবে স্বর্ণের কঙ্কণ এবং তারা পরবে সবুজ রেশমের পোশাক।’ (সুরা কাহফ, আয়াত : ৩১)

ইমাম ফখরুদ্দিন আর-রাজি তার তাফসিরে উল্লেখ করেছেন, কোরআনের বর্ণনায় মানুষের স্বভাবজাত আগ্রহ ও উপলব্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে জান্নাতের মূল প্রতিশ্রুতি নারী-পুরুষ উভয়ের জন্যই পূর্ণ তৃপ্তি ও সন্তুষ্টি নিশ্চিত করে। (আর-রাজি, মাফাতিহুল গায়েব, ২১/১৫৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৮১)

জান্নাতে পূরণ হবে সব বৈধ আকাঙ্ক্ষা

জান্নাতের অন্যতম বৈশিষ্ট্য হলো, সেখানে মানুষের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। পৃথিবীতে মানুষ নানা সীমাবদ্ধতা, সামাজিক বাধা ও প্রতিকূলতার কারণে অনেক ইচ্ছা পূরণ করতে পারে না। কিন্তু জান্নাতের জীবন হবে এসব সীমাবদ্ধতার ঊর্ধ্বে।

সহিহ মুসলিমের একটি হাদিসে জান্নাতের সর্বনিম্ন স্তরের অধিবাসীর পুরস্কারের বিবরণ এসেছে। মুসা (আ.)-এর মাধ্যমে বর্ণিত ওই হাদিসে আল্লাহর কাছে জান্নাতের সর্বনিম্ন স্তরের অধিবাসীর পুরস্কার সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে জানানো হয়, তাকে পৃথিবীর একজন বড় রাজাধিরাজের রাজত্বের সমপরিমাণ এবং তার চেয়েও দশ গুণ বেশি নেয়ামত দেওয়া হবে। তার মন যা চাইবে এবং চোখ যা দেখে আনন্দিত হবে, তা-ই সে পাবে। (মুসলিম, হাদিস : ৩১২)

অন্যদিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারীদের জন্য এমন নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরেও যার কল্পনা আসেনি। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘কেউ জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী কী নেয়ামত লুকিয়ে রাখা হয়েছে, তাদের কৃতকর্মের প্রতিদানস্বরূপ।’ (সুরা সাজদাহ, আয়াত : ১৭)

আরও বলা হয়েছে, জান্নাতে মুমিনরা যা চাইবে, তা-ই পাবে। এটি তাদের প্রতিপালকের পক্ষ থেকে এক নিশ্চিত প্রতিশ্রুতি। (সুরা ফুরকান, আয়াত : ১৫-১৬; সুরা শুরা, আয়াত : ২২)

এসব বর্ণনা থেকে বোঝা যায়, জান্নাতের পুরস্কার শুধু পৃথিবীতে পরিচিত কোনো নির্দিষ্ট আনন্দ বা চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে মানুষের জন্য এমন পরিপূর্ণ সুখ ও তৃপ্তি থাকবে, যা পার্থিব অভিজ্ঞতা দিয়ে কল্পনা করাও কঠিন।

জান্নাতে থাকবে না বঞ্চনা বা অবিচার

পৃথিবীতে অনেক নারী-পুরুষ পারিবারিক, সামাজিক কিংবা ব্যক্তিগত নানা কারণে নিজেদের ন্যায়সংগত ইচ্ছা ও স্বপ্ন বিসর্জন দেন। কেউ নির্যাতন সহ্য করেন, কেউ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ত্যাগ স্বীকার করেন, আবার কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ক্ষতিকর বাসনা দমন করেন। ইসলামের শিক্ষা হলো, আল্লাহর কাছে মানুষের কোনো সৎকর্ম ও ত্যাগই মূল্যহীন নয়।


পরকালের বিচার হবে পূর্ণ ইনসাফের ভিত্তিতে। সেখানে কারও প্রতি সামান্যতম অবিচার করা হবে না। পৃথিবীর জীবনে কেউ যে কষ্ট, বঞ্চনা কিংবা অপূর্ণতার মধ্য দিয়ে গেছেন, তার ন্যায়সংগত প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে।

তাই জান্নাতে নারীদের পুরস্কার পুরুষদের তুলনায় কম হবে কিংবা কোনো নারী সেখানে নিজেকে অবহেলিত মনে করবেন—ইসলামের মূল প্রতিশ্রুতি এমন ধারণাকে সমর্থন করে না। বরং নারী-পুরুষ উভয়ের জন্যই রয়েছে পরিপূর্ণ সন্তুষ্টি ও আনন্দের নিশ্চয়তা।

জান্নাতের জীবন প্রতিযোগিতা, ঈর্ষা কিংবা কারও ওপর কারও প্রাধান্য বিস্তারের জায়গা নয়। সেখানে থাকবে না মানসিক কষ্ট, হিংসা কিংবা অপ্রাপ্তির বেদনা। প্রত্যেকেই নিজের প্রাপ্তিতে পরিপূর্ণ সন্তুষ্ট থাকবেন। আর এটাই পরকালে আল্লাহর ইনসাফ ও রহমতের অন্যতম প্রকাশ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জান্নাত  নারী  পুরস্কার  পুরুষ  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: