সিজদায় কী দোয়া করবেন, কী করবেন না

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

নামাজে সিজদা বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মুহূর্ত। এ সময় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। তাই সিজদায়

2026-11-16T18:36:24+00:00
2026-11-16T18:36:24+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ইসলাম
সিজদায় কী দোয়া করবেন, কী করবেন না
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
নামাজে সিজদা বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মুহূর্ত। এ সময় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে।

নবীজি (সা.) বলেছেন, ‘বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। অতএব, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম, হাদিস : ৪৮২)

তবে নামাজের মধ্যে দোয়া করারও কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে ফরজ ও নফল নামাজের সিজদায় কোন ধরনের দোয়া করা যাবে, কোনটি যাবে না—এ বিষয়ে জানা জরুরি।

ফরজ ও নফল নামাজের সিজদায় দোয়া

ফরজ নামাজের সিজদায় নির্ধারিত তাসবিহ পাঠ করতে হয়। এ সময় নিজের ভাষায় বা ইচ্ছামতো অতিরিক্ত দোয়া করার বিষয়ে সতর্ক থাকতে হবে। হানাফি ফিকহ অনুযায়ী, নামাজের মধ্যে কোরআন-হাদিসে বর্ণিত দোয়া ছাড়া নিজের মতো করে দোয়া করা বা সাধারণ কথাবার্তার মতো বাক্য বলা জায়েজ নয়।

অন্যদিকে, নফল নামাজের সিজদায় কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া পড়ার সুযোগ রয়েছে। বিশেষ করে তাহাজ্জুদ নামাজে বিভিন্ন মাসনুন দোয়া পড়া যায়।

নবীজি (সা.) সিজদায় যে দোয়াটি পড়তেন, তার একটি বর্ণনা পাওয়া যায় আবু হুরায়রা (রা.) থেকে। দোয়াটি হলো— اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু।

অর্থ : হে আল্লাহ! আমার ছোট-বড়, প্রথম ও শেষ—সব গুনাহ ক্ষমা করে দিন। (মুসলিম, হাদিস : ৪৮৩)


নামাজে দোয়া করার ভাষা কেমন হবে

হানাফি ফিকহ অনুযায়ী, নামাজের ভেতরে দোয়া করার ক্ষেত্রে ভাষা ও বিষয়বস্তুর বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। নামাজ সাধারণ কথাবার্তা বা দুনিয়াবি চাওয়া-পাওয়ার জায়গা নয়। তাই এমন কোনো বাক্য বলা যাবে না, যা মানুষের পারস্পরিক কথাবার্তার মতো শোনায়।

নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই এই নামাজে মানুষের পারস্পরিক কথাবার্তার কোনো অবকাশ নেই। এটি তো কেবল আল্লাহর তাসবিহ, তাকবির এবং কোরআন তিলাওয়াতের জন্য।’ (মুসলিম, হাদিস : ৫৩৭)

এই হাদিসের আলোকে ফকিহগণ নামাজে সাধারণ কথাবার্তার মতো বাক্য বলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন। হানাফি ফকিহ ইবনু আবিদিন শামি (রহ.)-এর আলোচনাতেও নামাজে আরবি ভাষায় শরিয়তসম্মত দোয়া করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। (রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার)

সিজদায় যেসব দোয়া থেকে বিরত থাকতে হবে

নামাজের সিজদায় দোয়া করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

১. দুনিয়াবি চাওয়া-পাওয়ার দোয়া

নামাজের মধ্যে মানুষের কাছে সাধারণত চাওয়া হয়—এমন কোনো বস্তুগত বিষয় প্রার্থনা করা থেকে বিরত থাকতে হবে। যেমন—‘হে আল্লাহ, আমাকে এক লাখ টাকা দিন’, ‘আমাকে চাকরি দিন’ বা ‘আমার বিয়ের ব্যবস্থা করে দিন’—এ ধরনের দোয়া নামাজে করা যাবে না বলে হানাফি ফিকহে উল্লেখ রয়েছে। এ ধরনের দোয়া নামাজ নষ্ট হওয়ার কারণ হতে পারে। (কিতাবুন নাওয়াজেল)

২. মাতৃভাষা বা অন্য অনারবি ভাষায় দোয়া

হানাফি মাজহাব অনুযায়ী, নামাজের ভেতরে বাংলা বা অন্য কোনো অনারবি ভাষায় দোয়া করা যাবে না। কোরআন-হাদিসে বর্ণিত দোয়ার বাংলা অনুবাদও নামাজের মধ্যে পড়া থেকে বিরত থাকতে হবে। তাই নামাজের সিজদায় দোয়া করতে চাইলে শরিয়তসম্মত আরবি দোয়া পড়তে হবে।

নফল নামাজ হলো এমন ইবাদত, যা আদায় করলে সওয়াব পাওয়া যায়, তবে আদায় না করলে গুনাহ হয় না। ফরজ নামাজের বাইরে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে যে অতিরিক্ত নামাজ আদায় করা হয়, তা নফল নামাজের অন্তর্ভুক্ত। তাহাজ্জুদও নফল নামাজের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

সিজদা দোয়া করার বিশেষ সময় হলেও নামাজের বিধান মেনে তা আদায় করা জরুরি। কোন দোয়া পড়া যাবে, কোনটি যাবে না—এ বিষয়ে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। এতে নামাজের শুদ্ধতা বজায় রাখার পাশাপাশি ইবাদতও সুন্নাহর আলোকে আদায় করা সম্ভব হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিজদা  দোয়া  ইসলাম 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: