ইসলামে পোশাকের ক্ষেত্রে সৌন্দর্যের পাশাপাশি শালীনতা, পবিত্রতা ও পরিমিতিবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীতমানুষের মৌলিক চাহিদাগুলো মধ্যে একটি হলো পোশাক। এটি শুধু শরীর ঢাকার জন্য নয়, মানুষের রুচি, ব্যক্তিত্ব ও রুচিবোধেরও পরিচয় বহন করে। সময়ের সঙ্গে পোশাকের ধরন ও ফ্যাশনে পরিবর্তন আসে। তবে ফ্যাশনের পাশাপাশি পোশাকের শালীনতা ও পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইসলামে পোশাকের ক্ষেত্রে সৌন্দর্যের পাশাপাশি শালীনতা, পবিত্রতা ও পরিমিতিবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুমিনের পোশাক এমন হওয়া উচিত, যা শরীর আবৃত রাখে, ব্যক্তিত্বের মার্জিত প্রকাশ ঘটায় এবং ধর্মীয় বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
পোশাক নির্বাচনে ইসলামের ৬টি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হলো—
১. সতর ঢেকে রাখা ও শালীনতা বজায় রাখা
পোশাকের প্রধান কাজ হলো শরীরের আবরণীয় অংশ ঢেকে রাখা। নারী ও পুরুষ উভয়ের জন্যই ইসলাম নির্ধারিত সতর ঢেকে রাখা ফরজ। তাই পোশাক এমন হওয়া উচিত, যা শরীর যথাযথভাবে আবৃত রাখে এবং শালীনতা বজায় রাখে।
আঁটসাঁট, স্বচ্ছ কিংবা শরীরের গঠন স্পষ্ট করে—এমন পোশাক এড়িয়ে চলা উচিত।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্যস্বরূপ।’ (সুরা আরাফ, আয়াত : ২৬)
২. নারী-পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখা
ইসলাম নারী ও পুরুষের পোশাকের ক্ষেত্রে স্বতন্ত্র পরিচয় ও শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। তাই এমন পোশাক বা সাজসজ্জা পরিহার করা উচিত, যা বিপরীত লিঙ্গের বৈশিষ্ট্য অনুকরণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
এ বিষয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবীজি নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদের অভিশাপ দিয়েছেন। (বুখারি, হাদিস : ৫৮৮৫)
৩. লোকদেখানো ও অপচয় থেকে বিরত থাকা
সুন্দর পোশাক পরা দোষের নয়। তবে শুধু অন্যের দৃষ্টি আকর্ষণ, নিজের সামাজিক অবস্থান প্রকাশ কিংবা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা উচিত নয়।
পোশাক কেনার ক্ষেত্রে নিজের প্রয়োজন ও সামর্থ্যের কথা বিবেচনা করা জরুরি। ইসলামও অপচয় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত : ৩১)
৪. পুরুষের জন্য স্বর্ণ ও রেশম পরিহার
ইসলামে পুরুষের জন্য স্বর্ণের অলংকার ও প্রকৃত রেশমের পোশাক ব্যবহার নিষিদ্ধ। তবে নারীদের জন্য এগুলো ব্যবহারের অনুমতি রয়েছে। তাই পোশাক ও অলংকার নির্বাচনের সময় পুরুষদের এ বিধান মেনে চলা প্রয়োজন।
এ বিষয়ে নবীজি বলেন, ‘এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল।’ (আবু দাউদ, হাদিস : ৪০৫৭; নাসায়ি, হাদিস : ৫১৪৪)
৫. পোশাক পরিষ্কার ও পবিত্র রাখা
দামি পোশাকের চেয়ে পরিষ্কার ও পবিত্র পোশাক বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে নামাজসহ বিভিন্ন ইবাদতের জন্য পোশাক পবিত্র থাকা জরুরি।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার পোশাক পবিত্র রাখো।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)
৬. সৌন্দর্য চর্চা, তবে অহংকার নয়
ইসলাম সুন্দর ও পরিপাটি পোশাক পরতে নিষেধ করেনি। বরং পরিচ্ছন্নতা ও সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছে। তবে পোশাকের কারণে অহংকার করা, অন্যকে ছোট করে দেখা কিংবা নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশের চেষ্টা করা উচিত নয়।
এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, সুন্দর পোশাক ও জুতা পরতে পছন্দ করা কি অহংকার? উত্তরে তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (মুসলিম, হাদিস : ৯১)
পোশাক নির্বাচনে ফ্যাশন ও সৌন্দর্যের পাশাপাশি ইসলামের নির্দেশনাও মেনে চলা জরুরি। শালীনতা, পরিচ্ছন্নতা, পরিমিতিবোধ ও অহংকারমুক্ত মনোভাব বজায় রেখে পোশাক পরিধান করলে তা একজন মানুষের সুন্দর ব্যক্তিত্বের পরিচয় বহন করে।
সময়ের আলো/এসএকে