পোশাকে সৌন্দর্য ও সততার প্রকাশ

আমীনুর রহমান নড়াইলী

ইসলাম

মানুষের জীবনযাপনে পোশাক একটি অপরিহার্য অনুষঙ্গ। পোশাক যেমন দেহ আবৃত রাখে, তেমনি একজন মানুষের রুচি,সংস্কৃতি, মূল্যবোধ ও পরিচয়েরও বহিঃপ্রকাশ ঘটায়।

2026-07-01T11:35:43+00:00
2026-07-01T11:35:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
ইসলাম
পোশাকে সৌন্দর্য ও সততার প্রকাশ
আমীনুর রহমান নড়াইলী
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
মানুষের জীবনযাপনে পোশাক একটি অপরিহার্য অনুষঙ্গ। পোশাক যেমন দেহ আবৃত রাখে, তেমনি একজন মানুষের রুচি, সংস্কৃতি, মূল্যবোধ ও পরিচয়েরও বহিঃপ্রকাশ ঘটায়। পৃথিবীর প্রায় সব ধর্মেই পোশাকের ব্যাপারে কিছু না কিছু নির্দেশনা রয়েছে। ইসলামও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। 

ইসলামে পোশাক কেবল সৌন্দর্যচর্চার উপকরণ নয়; বরং এটি শালীনতা, আত্মমর্যাদা, পরিচয় ও তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় পোশাক একজন মুসলমানের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। তবে এর প্রকৃত মূল্য তখনই প্রকাশ পায়, যখন বাহ্যিক পোশাকের সঙ্গে অন্তরের পবিত্রতা ও চরিত্রের সৌন্দর্য যুক্ত হয়।

পোশাকের প্রধান উদ্দেশ্য : আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, ‘হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম’ (সুরা আল-আরাফ : ২৬)। এই আয়াত থেকে বোঝা যায়, পোশাকের দুটি উদ্দেশ্য রয়েছে- একটি বাহ্যিক, অন্যটি আধ্যাত্মিক। বাহ্যিক উদ্দেশ্য হলো শরীর আবৃত রাখা এবং সৌন্দর্য বৃদ্ধি করা। আর আধ্যাত্মিক উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করা। ধর্মীয় পোশাক একজন মানুষকে সর্বদা স্মরণ করিয়ে দেয় যে, সে একজন মুসলমান; তার কিছু আদর্শ, দায়িত্ব ও সীমারেখা রয়েছে। ফলে পোশাক অনেক সময় মানুষের আচরণ ও মানসিকতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।

ইসলামি পোশাকের বৈশিষ্ট্য : ইসলামে পোশাকের মূলনীতি হলো শালীনতা, পরিচ্ছন্নতা ও অহংকারমুক্ততা। পোশাক এমন হতে হবে যা সতর আবৃত করে, অশ্লীলতা থেকে দূরে রাখে এবং সমাজে ফিতনা সৃষ্টি না করে। পুরুষদের জন্য দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরিধান করা, মাথা ঢেকে রাখা ইত্যাদি বিষয় মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে ধর্মীয় পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। নারীদের জন্য হিজাব ও পর্দা ইসলামি শালীনতার অন্যতম প্রতীক। তবে মনে রাখতে হবে, ইসলামে নির্দিষ্ট কোনো রং বা জাতিগত পোশাককে বাধ্যতামূলক করা হয়নি। বরং যে পোশাক শরিয়তের শর্ত পূরণ করে এবং শালীনতার মানদণ্ড রক্ষা করে, সেটিই ইসলামি পোশাকের অন্তর্ভুক্ত।

মুসলিম পরিচয়ের প্রতীক : ধর্মীয় পোশাক একজন মুসলমানকে স্বতন্ত্র পরিচয় প্রদান করে। একজন মানুষকে দেখেই তার ধর্মীয় পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি ইসলামের প্রতি ভালোবাসা ও আনুগত্যের একটি বাহ্যিক প্রকাশ। আজকের বিশ্বায়নের যুগে যখন বিভিন্ন সংস্কৃতির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে, তখন ধর্মীয় পোশাক মুসলমানদের স্বকীয়তা ও আদর্শকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি শুধু একটি পোশাক নয়; বরং একটি মূল্যবোধের প্রতিনিধিত্ব করে।

বাহ্যিক পোশাকের সততা রক্ষা : ধর্মীয় পোশাকের গুরুত্ব অপরিসীম হলেও ইসলাম কখনোই কেবল বাহ্যিকতানির্ভর ধর্ম নয়। ইসলাম মানুষের অন্তর, চিন্তা, চরিত্র ও কর্মকে সর্বাধিক গুরুত্ব দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।’ অতএব কেউ যদি দাড়ি, টুপি, পাগড়ি বা জুব্বা পরিধান করে কিন্তু মিথ্যা বলে, প্রতারণা করে, ঘুষ খায় বা মানুষের অধিকার নষ্ট করে, তা হলে সে ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে অবস্থান করছে। ধর্মীয় পোশাকের মর্যাদা তখনই রক্ষা পায়, যখন তার সঙ্গে উত্তম চরিত্র ও সৎ আমল যুক্ত হয়। অন্যথায় বাহ্যিক পোশাক মানুষকে সম্মান এনে দিলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এনে দিতে পারে না।

ধর্মীয় পোশাকে দুর্নীতির ভয়াবহতা : বর্তমান সমাজে মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখা যায়, যেখানে ধর্মীয় পোশাকধারী কিছু ব্যক্তি তাদের পরিচয়কে অপব্যবহার করে। কেউ ধর্মীয় ভাবমূর্তি ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে, কেউ ব্যবসায় অসততা করে, কেউ আবার সামাজিক বা রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ধর্মীয় পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে। এ ধরনের কাজ শুধু ব্যক্তিগত অপরাধ নয়; বরং ধর্মীয় পোশাকের মর্যাদার প্রতিও এ ক ধরনের বিশ্বাসঘাতকতা। যখন একজন সাধারণ মানুষ কোনো ধর্মীয় পোশাকধারী ব্যক্তির অসদাচরণ দেখে, তখন অনেক সময় সে পুরো ধর্মীয় সমাজ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। ফলে একজন ব্যক্তির অপরাধের কারণে ধর্মের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই ধর্মীয় পোশাক পরিধানকারীদের দায়িত্ব সাধারণ মানুষের তুলনায় আরও বেশি। তাদের প্রতিটি আচরণে সততা, আমানতদারিতা, বিনয় ও ন্যায়পরায়ণতার পরিচয় ফুটে ওঠা উচিত।

ধর্মীয় পোশাক ও আত্মশুদ্ধি : ধর্মীয় পোশাকের অন্যতম ইতিবাচক দিক হলো এটি আত্মনিয়ন্ত্রণে সহায়তা করে। একজন ব্যক্তি যখন নিজেকে ধর্মীয় পরিচয়ে উপস্থাপন করেন, তখন তিনি অনেক ক্ষেত্রেই নিজের আচরণ সম্পর্কে সচেতন থাকেন। তিনি ভাবেন, তার কোনো ভুল আচরণে ধর্মের বদনাম হতে পারে। এভাবে ধর্মীয় পোশাক আত্মশুদ্ধির একটি মাধ্যম হিসেবেও কাজ করতে পারে। তবে এর জন্য প্রয়োজন আন্তরিকতা। কেবল লোক দেখানো বা সামাজিক মর্যাদা অর্জনের উদ্দেশ্যে ধর্মীয় পোশাক ধারণ করলে সেই উদ্দেশ্য পূরণ হয় না।

ধর্মীয় পোশাককে ভালোবাসতে হবে এবং এর মর্যাদা রক্ষা করতে হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, ইসলামের সৌন্দর্য কেবল বাহ্যিক পোশাকে সীমাবদ্ধ নয়; বরং সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দয়া, নম্রতা ও আমানতদারিতার মধ্যেও নিহিত। তাই আমাদের উচিত, ধর্মীয় পোশাককে ইসলামি আদর্শের প্রতীক হিসেবে সম্মান করা। বাহ্যিক সাজসজ্জার পাশাপাশি অন্তরের পরিশুদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া। ধর্মীয় পরিচয়কে ব্যক্তিগত স্বার্থ বা প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার না করা। মনে রাখতে হবে, ধর্মীয় পোশাক ইসলামের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। 

এটি শালীনতা, পরিচয়, আত্মমর্যাদা ও ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ। তবে ইসলামের দৃষ্টিতে কেবল বাহ্যিক পোশাকই যথেষ্ট নয়; বরং এর সঙ্গে তাকওয়া, সততা ও সৎ চরিত্রের সমন্বয় অপরিহার্য। ধর্মীয় পোশাক মানুষকে সম্মানিত করে, কিন্তু সেই সম্মান ধরে রাখতে হলে জীবনকেও ধর্মের আলোকে পরিচালিত করতে হয়। সুতরাং ধর্মীয় পোশাককে আমরা যেন কখনো ব্যক্তিগত স্বার্থ, প্রতারণা বা দুর্নীতির আড়াল হিসেবে ব্যবহার না করি। বরং এই পোশাক আমাদের সত্য, ন্যায় ও তাকওয়ার পথে পরিচালিত করুক- এটাই হওয়া উচিত প্রত্যেক সচেতন মুসলমানের প্রত্যাশা।

লেখক : শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   পোশাক  সৌন্দর্য  সততার প্রকাশ 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: