জীবনের গতিতে পাপের ক্ষতি

মুফতি ফয়েজ হাবীব

ইসলাম

ঈমান ও নেক আমল হলো আলো, এই আলোতেই আখেরাতের মহাসড়ক আলোকিত হয়। আর পাপ হলো অন্ধকার; পাপের অন্ধকারে শুধু কবরই

2026-06-30T13:23:59+00:00
2026-06-30T13:27:03+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
ইসলাম
জীবনের গতিতে পাপের ক্ষতি
মুফতি ফয়েজ হাবীব
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১:২৭ পিএম
গ্রাফিক : সময়ের আলো
ঈমান ও নেক আমল হলো আলো, এই আলোতেই আখেরাতের মহাসড়ক আলোকিত হয়। আর পাপ হলো অন্ধকার; পাপের অন্ধকারে শুধু কবরই অন্ধকার হয় না, বরং জীবনের গতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। পাপ প্রথমে অন্তরকে কলুষিত করে, কারণ অন্তরই পাপের মূল কেন্দ্র। অন্তর হলো শরীরের চালিকাশক্তি; ইঞ্জিন নষ্ট হলে যেমন বাহন মূল্যহীন, তেমনি অন্তর নষ্ট হলে পুরো জীবনই এলোমেলো হয়ে যায়। 

অলসতা, দুশ্চিন্তা ও ভয়ের মতো নেতিবাচক বিষয়গুলো এই নষ্ট অন্তরের কারণেই শরীরে বাসা বাঁধে। পাপ বাতাসে ভর করে মানুষের মন থেকে মনে ছড়ায়, মিছিলে মিছিলে একসময় পাপ পুরো সমাজকে গ্রাস করে ফেলে। পাপ তার আগুনের জিহ্বা দিয়ে ছোবল দেয়- প্রথম ছোবলটি পড়ে মানুষের মেধা ও মেধাবীদের ওপর।

পাপীকে জ্ঞানের নুর থেকে দূরে রাখা হয়
মানুষ অনেক কিছু ভুলে যায়। কখনো কখনো তা দুর্বল মেধার কারণে ঘটে। প্রকৃত জ্ঞান আল্লাহর বিশেষ নেয়ামত। পাপে লিপ্ত ব্যক্তির কাছ থেকে এই নেয়ামত তুলে নেওয়া হয়। ইমাম শাফেয়ি (রহ.) একদিন মদিনায় ইমাম মালিক (রহ.)-এর সামনে বসা ছিলেন। ইমাম মালিক (রহ.) তার চেহারায় বুদ্ধিমত্তার ছাপ দেখে বুঝতে পারলেন ছেলেটি যথেষ্ট প্রতিভাবান। তাই তিনি তাকে নসিহতস্বরূপ বললেন, ‘আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে জ্ঞানের আলো দান করেছেন। তাই পাপের অন্ধকার দিয়ে এই আলোকে নিভিয়ে দিও না।’ বোঝা গেল, জ্ঞানী ব্যক্তি পাপ করতে থাকলে আল্লাহ তার জ্ঞান ছিনিয়ে নিতে পারেন। ইমাম শাফেয়ি (রহ.) নিজেই বলেন, আমি আমার শিক্ষক ওয়াকিরের (রহ.) কাছে দুর্বল মুখস্থশক্তির ব্যাপারে অভিযোগ করলাম। জবাবে তিনি আমাকে পাপের কাজ পরিত্যাগ করার উপদেশ দিলেন। তিনি আরও বলেন, ‘জেনে রেখো, জ্ঞান হলো নুর (আলো), আর এই নুর আল্লাহ কোনো পাপীকে দেন না।’ তাই জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি এবং তা ধরে রাখার জন্য পাপমুক্ত থাকা জরুরি, বিশেষত শিক্ষার্থীদের জন্য।
আরও পড়ুন

রিজিক থেকে বঞ্চিত হওয়া
সুস্বাস্থ্য একটি রিজিক, নেক হায়াত রিজিক, উত্তম বন্ধন ও নেক সন্তানও রিজিক। পাপের কুফলে জীবনের নানান সমস্যার তালিকায় নতুন নতুন সংকট যুক্ত হয়। রিজিকের জমিতে নেমে আসে চৈত্রের খরা। নেক আমলের বসন্ত আসতে আসতে অনেকের জীবনবৃক্ষ শুকিয়ে কাঠ হয়ে যায়। দুঃখ-দুর্দশার ভারে মানুষ হতাশায় পিষে যায়। মানুষের উচিত, এ থেকে বাঁচতে এর মূল কারণ খুঁজে বের করা। সাওবান (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ব্যতীত আর কিছুই ভাগ্য পরিবর্তন করে না, পুণ্য ব্যতীত আর কিছুই আয়ু বাড়ায় না এবং কৃত পাপের কারণেই বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়।’ (সুনানে ইবনে মাজাহ : ৪০২২)

লজ্জা ও শরম কমে যাওয়া
লজ্জা হলো ঈমানদারের দামি পোশাক, আর নেক আমল হলো সেই পোশাকের দামি সুতা। মানুষ বারবার পাপ করতে করতে নেক আমলের সেই সুতাগুলো দুর্বল করে ফেলে। পাপের উপস্থিতিতে অন্তর থেকে একসময় লজ্জা নিজেই বিদায় নেয়। মানুষ হয়ে ওঠে বেপরোয়া। লজ্জাহীন হয় তার মুখ। নির্লজ্জ জবানের তরবারিতে সে অন্যদের হৃদয়ে আঘাত করে। একসময় সে লজ্জা হারিয়ে যা ইচ্ছে তা-ই করতে শুরু করে। হাদিসেও বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘যখন তোমার লজ্জা চলে যাবে, তখন তুমি যা ইচ্ছে তা-ই করতে পারবে’ (সহিহুল বুখারি, হাদিসদ : ৬১২০)। লজ্জা আর কল্যাণ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। যার লজ্জা নেই, তার জীবনের অভিধানে কল্যাণের কোনো স্থান নেই।

পাপ মর্যাদা নষ্ট করে
সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। যারা পাপের অন্ধকারে সকাল-সন্ধ্যায় হাত, মুখ ও কলব ধৌত করে, তাদের থেকে মান-মর্যাদাকে দূরে রাখা হয়। দুনিয়াদার মানুষ হয়তো দুনিয়ার দাপটের কারণে পাপীকে সম্মান দেখাচ্ছে বলে মনে হয়, কিন্তু তাদের হৃদয়ে পাপীর জন্য থাকে ঘৃণা। পাপীরা আল্লাহকে ভয় করে না বলেই তারা পাপে লিপ্ত হয়। যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দেন। একটি ভুল প্রবাদ প্রচলিত আছে যে, দশে মিলে যাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন- এটি ঠিক নয়। মূলত আল্লাহ যাকে ভালোবাসেন, দশেও তাকে ভালোবাসে। যাইদ ইবনু আসলাম (রা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মানুষ গোপনে তাকে ভালোবাসে, যদিও প্রকাশ্যে তাকে অপছন্দ করে’ (হিলইয়াতুল আউলিয়া : ৩/২২২)। আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) বলেন, ‘পাপ অন্তরকে মেরে ফেলে, আর সর্বদা পাপে লিপ্ত থাকা অপমান নিয়ে আসে।’ আল্লাহ আমাদের জীবনকে পাপের প্রভাব থেকে নিরাপদ রাখুন।

শিক্ষক, জামিয়া রিয়াজুল উলূম, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ

সময়ের আলো/প্রিন্ট/এএডি


  বিষয়:   জীবন  গতি  পাপ  ক্ষতি 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: