প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি : সংগৃহীতকোনো বিষয়ে স্বামী প্রথমে নিষেধ করার পর স্ত্রী জোরাজুরি করলে স্বামী যদি বলেন, ‘তুমি যদি স্বাধীনতা চাও, আমি তোমাকে স্বাধীনতা দেব’—তাহলে কি এ কথায় তালাক হয়ে যাবে?
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, এ ধরনের ভবিষ্যৎকালীন প্রতিশ্রুতিমূলক বাক্য বললে তালাক কার্যকর হয় না। কারণ, তালাক সংঘটিত হওয়ার জন্য এমন শব্দ বা বাক্য ব্যবহার করতে হয়, যা শরিয়ত অনুযায়ী তালাক কার্যকর করে। ভবিষ্যতে তালাক দেওয়ার ইচ্ছা বা প্রতিশ্রুতি প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে তালাক হয় না।
এ বিষয়ে আল্লামা ইবনে আবেদীন শামী (রহ.) উল্লেখ করেছেন, ভবিষ্যৎকাল বোঝায় এমন শব্দের মাধ্যমে তালাক কার্যকর হয় না।
ইমাম মুহাম্মদ (রহ.) এ প্রসঙ্গে একটি উদাহরণ দিয়েছেন। কোনো নারী তার স্বামীকে বলল, ‘তুমি যদি আমাকে তিন তালাক দাও, তাহলে তোমাকে এক হাজার দিরহাম দেব।’ জবাবে স্বামী বলল, ‘হ্যাঁ, আমি তোমাকে তালাক দেব।’ এ কথার মাধ্যমে তালাক কার্যকর হবে না এবং স্বামী ওই অর্থও পাবেন না। যতক্ষণ না তিনি বাস্তবে তালাক দেন, ততক্ষণ এ প্রতিশ্রুতি কার্যকর হবে না।
সুতরাং ‘আমি তোমাকে স্বাধীনতা দেব’—এ কথাটি ভবিষ্যতে কিছু করার প্রতিশ্রুতি বোঝায়। তাই শুধু এ বাক্য বলার কারণে তালাক সংঘটিত হবে না।
তবে তালাক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ-সংক্রান্ত কোনো কথা বলার আগে সতর্ক থাকা জরুরি। তালাকের শব্দ নিয়ে ঠাট্টা-তামাশা করাও উচিত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনটি বিষয়ে ঠাট্টা-তামাশা করলেও তা কার্যকর হয়—বিবাহ, তালাক ও দাসমুক্তি। (মাজমাউয যাওয়ায়েদ, হাদিস : ৭৭৬৫)
সময়ের আলো/এসএকে