ছবি : সংগৃহীতসুরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ৫৬তম সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরায় মোট ৯৬টি আয়াত রয়েছে। ‘ওয়াকিয়া’ শব্দের অর্থ ঘটনা। তাফসিরবিদদের ব্যাখ্যায়, এখানে ওয়াকিয়া বলতে কেয়ামতকে বোঝানো হয়েছে।
সুরাটির মূল আলোচ্য বিষয় কেয়ামত ও পরকাল। এতে কেয়ামতের ভয়াবহতা, মানুষের পরিণতি, জান্নাত-জাহান্নাম এবং আল্লাহর বিচার সম্পর্কে বর্ণনা রয়েছে। কেয়ামতের দিন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে, পাহাড় গুঁড়িয়ে ছড়িয়ে পড়বে। সেদিন মানুষ তাদের আমল ও পরিণতির ভিত্তিতে তিন দলে বিভক্ত হবে। একদল আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, দ্বিতীয় দল ডানপন্থি এবং তৃতীয় দল বামপন্থি।
সুরা ওয়াকিয়া তেলাওয়াতের ফজিলত
সুরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াতের ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার ওপর অভাব আসবে না।’ (বায়হাকি, হাদিস : ২৪৯৭)
এ হাদিসের সঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর জীবনের একটি ঘটনাও বর্ণিত হয়েছে। তিনি যখন অসুস্থ অবস্থায় অন্তিম শয্যায় ছিলেন, তখন হযরত উসমান (রা.) তাকে দেখতে যান। তিনি তার অসুস্থতার কারণ জানতে চাইলে ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আমার পাপই আমার অসুস্থতা।’ এরপর তার কোনো ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি আল্লাহর রহমত কামনা করেন।
হযরত উসমান (রা.) তার ও মেয়েদের উপকারের জন্য সরকারি কোষাগার থেকে কিছু দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু ইবনে মাসউদ (রা.) তা নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তিনি তার মেয়েদের সুরা ওয়াকিয়া শিখিয়েছেন। কারণ, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি প্রতি রাতে এ সুরা পাঠ করবে, অভাব তাকে স্পর্শ করবে না। (তাফসিরে জালালাইন, খণ্ড: ৬, পৃষ্ঠা : ৩৫৩)
কখন পড়বেন সুরা ওয়াকিয়া
সুরা ওয়াকিয়া তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো সময় বাধ্যতামূলক করা হয়নি। দিনের যেকোনো সময় এটি পড়া যায়। তবে হাদিসে প্রতি রাতে তেলাওয়াতের কথা এসেছে। তাই রাতে নিয়মিত এ সুরা পাঠের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
সুরা ওয়াকিয়া তেলাওয়াতের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ। এ সুরা মানুষকে কেয়ামত, পরকাল এবং আল্লাহর কাছে জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেয়।
সময়ের আলো/এসএকে