খেলাপি ঋণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকা

সংসদ প্রতিবেদক

জাতীয়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ কোটি টাকা। গত

2026-11-17T01:41:33+00:00
2026-11-17T01:43:03+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
খেলাপি ঋণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকা
সংসদ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৪১ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ১:৪৩ এএম
প্রতীকী ছবি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ কোটি টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরে খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকিং খাতের সংকটকে আরও গভীর করেছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে অর্থ মন্ত্রী আরও জানান, দেশের ৮২টি বীমা কোম্পানির মধ্যে একটি কোম্পানির কাছে প্রায় তিন হাজার কোটি টাকার বীমা দাবি আটকে আছে। বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগও নাকচ করেছেন তিনি।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর ২০২৫ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। ওই বছর খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ। সর্বশেষ গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা।

বিরোধী দলের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যাংক খাতে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। অর্থ পাচার করে বিদেশে নেওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নতুনভাবে সাজানো হয়েছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। সব বীমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে গ্রাহকদের টাকা দিয়ে জমি কিনেছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এরপরও দাবি পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আর্থিক সংকটে থাকা আটটি বীমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার দাবি পরিশোধ করা হয়েছে। এসব কোম্পানির দাবি নিষ্পত্তিতে নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দাবি পরিশোধ করা হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ জীবন বীমার দাবি বারবার পরিশোধে ব্যর্থ কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আইনগত বাধ্যবাধকতা, আর্থিক দায় এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা হবে। কোনো কোম্পানির লাইসেন্স বাতিল হলেও গ্রাহকদের প্রতি তার বিদ্যমান দায়বদ্ধতা শেষ হবে না।

জনতা ব্যাংকের এমডি নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ নাকচ : বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত। জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে একটি প্যানেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। প্রার্থী সরকারি না বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, সেটি বিবেচ্য নয়। এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে না।

বাঁধ মেরামতে বরাদ্দ ১৪০০ কোটি টাকা : সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণে ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিবেচনায় রয়েছে। প্রকল্পটির অনুকূলে আগামী অর্থবছরের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ১২০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ : চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। বর্তমান দুটি টার্মিনালের তুলনায় নতুন টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ বেশি এবং ১৫ বছর পরও এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না বলে দাবি করেছেন তিনি। আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, যে চীনা কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তারা দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার। এ সিদ্ধান্ত বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চাইলেও প্রশ্নের সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিষয়টি ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে আলাদাভাবে নোটিস দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি।

আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে ৬১ জন কর্মকর্তা ও কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, এসবের মধ্যে ১৯ জন কনসালটেন্টের চুক্তি বাতিল করা হয়েছে, ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ১৪ জন কর্মকর্তা-কনসালটেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার লিখিত প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   জাতীয় সংসদ  প্রশ্নোত্তর  খেলাপি ঋণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: